রমা চৌধুরী হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:২১ এএম, ২৬ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০১:৩২ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৭ বুধবার
বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা রমা চৌধুরী (৭৮) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার কোমরের ডান দিকের হাড় ভেঙে গেছে। জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রমা চৌধুরী বর্তমানে নগরের জিইসি মোড়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। গত রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন বাসায় পড়ে গিয়ে তিনি কোমরে ব্যথা পান।
রমা চৌধুরীর বইয়ের প্রকাশক আলাউদ্দিন খোকন জানান, রোববার পর্যন্ত তিনি গলব্লাডার স্টোনের কারণে ডায়াবেটিক হাসপাতালে ভর্তি ছিলেন। রোববার বাসায় ফেরার পর তিনি পড়ে গিয়ে ব্যথা পান। তার ডান পাশের হাড় ভেঙে গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহযোগী অধ্যাপক সমিরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। হাসপাতালে আলাউদ্দিন খোকন ও তার ছেলে জহর চৌধুরী রমা চৌধুরীর শুশ্রূষা করছেন।
১৯৭১ সালের ১৩ মে বোয়ালখালীর পোপাদিয়া গ্রামের বাড়িতে রমা চৌধুরীর ওপর নির্যাতন চালায় পাক বাহিনী। বিজয় লাভের পর ২০ ডিসেম্বর তার বড় ছেলে সাগর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। এর ১ মাস ২৮ দিন পর মারা যায় আরেক ছেলে টগর। এরপর তিনি জুতা পরা বাদ দেন। পরে অনিয়মিতভাবে জুতা পরতেন তিনি। ১৯৯৮ সালের ১৬ ডিসেম্বর আরেক ছেলে মারা গেলে পুত্রশোকে তিনি আর জুতা পায়ে দেননি। খালি পায়ে হেঁটে নিজের লেখা বই বিক্রি করে চলেন তিনি। একাত্তরের জননী’সহ ১৮টি গ্রন্থের লেখক রমা চৌধুরী।
