নদীর পাড় থেকে কিশোরীর গলা কাটা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:২৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:৪৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার
সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর পাড় থেকে এক কিশোরীর হাত-পা বাঁধা অবস্থায় গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
জেলার বেলকুচি উপজেলায় ওই কিশোরীকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার ভোরে উপজেলার বেড়াখারুয়া এলাকায় যমুনা নদীর পাড় থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়।
নিহত কিশোরীর নাম চায়না খাতুন (১১)। সে উপজেলার সদর ইউনিয়নের ছোট বেড়াখারুয়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার সকালে বেড়াখারুয়া এলাকায় নদীর পাড়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই কিশোরীর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সোমবার রাতে ওই কিশোরীকে গলা কেটে হত্যার পর দুর্বৃত্তরা সেখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
