প্রতিবন্ধিদের সহযোগিতায় সকলকে এগিয়ে আসতে হবে : সায়মা ওয়াজেদ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:৩২ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০২:৪৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৭ বুধবার
প্রতিবন্ধিতাবান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের প্রধান উপদেষ্টা সায়মা ওয়াজেদ বলেছেন, প্রতিবন্ধিদের সহযোগিতায় সকলকে আন্তরিকতা ও মমতা নিয়ে এগিয়ে আসতে হবে।প্রতিবন্ধিদের চলার ও বেঁচে থাকার পথ সুগম করে দিতে হবে। একে সামাজিক আন্দোলন হিসেবে সমাজের সকল স্তরে ছড়িয়ে দিতে হবে।
মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিবন্ধিতাবান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের দ্বিতীয় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সিদ্ধান্ত নেয়া হয়, আগামি বছরের মে মাসে প্রতিবন্ধিতা বান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করতে পারেন।
টাস্কফোর্সের সভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ্ কামাল, স্থানীয় সরকার বিভাগের সচিব আঃ মালেক, জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিলার রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ফয়েজ আহম্মদসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও এনজিও’র প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় জানান হয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ঘূর্ণিঝড় প্রবণ ১৯টি জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের বিস্তারিত তথ্য সংগ্রহ ও ডাটাবেজ প্রণয়ন করেছে। ২১ ডিসেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত সারাদেশের ১৫ লাখ ৪১ হাজার ১৪৯ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডাটাবেজে অন্তর্ভুক্তির কার্যক্রম চলমান আছে।
প্রশিক্ষণ কারিকুলামে অন্তর্ভূক্তিকরণ প্রসঙ্গে সভায় জানান হয়, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিসমূহের ও কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ মডিউলে প্রতিবন্ধিতা বিষয় অন্তর্ভূক্ত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ‘নারী কনসোর্টিয়াম’-এর যৌথ উদ্যোগে জেলা পর্যায়ে প্রশিক্ষণ কোর্সটির পাইলটিং করা হয়েছে। এ প্রশিক্ষণ প্রদানের জন্য মাষ্টার ট্রেইনার পুল তৈরি করা হয়েছে। বিভিন্ন ট্রেনিং কোর্সে প্রতিবন্ধিতা বিষয় অন্তর্ভূক্তকরণে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সচিব আঃ মালেক সভায় জানান, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক প্রতিবন্ধীদের দুর্যোগ-পূর্ব, দুর্যোগের সময় এবং দুর্যোগের পরবর্তী সময়ে বিপদাপন্ন অবস্থা থেকে উদ্ধার করা তথা সহায়তা প্রদানের বিষয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতিবন্ধিতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
স্বাস্থ্য সচিব জানান, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় ট্রমা ও মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা অন্তর্ভুক্তির লক্ষ্যে মাস্টার ট্রেইনার তৈরির জন্য প্রথম ব্যাচে সরকারি ও বেসরকারি ২২ জন কর্মকর্তাকে প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
তিনি জানান, ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট’ বিষয়ে স্থানীয় পর্যায়ে সাড়া প্রদানকারী দক্ষ জনবল তৈরির লক্ষ্যে মাস্টার ট্রেইনারগণ ৫টি ব্যাচে ১০০ জন অংশগ্রহণকারীকে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় ট্রমা ও মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন।
