পামেলার প্রত্যাখ্যান
প্রকাশিত : ১০:১৪ এএম, ২৪ আগস্ট ২০১৪ রবিবার | আপডেট: ০৫:০৮ এএম, ৩১ আগস্ট ২০১৪ রবিবার
ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিশ্বজুড়ে চলছে ‘আইস বাকেট চ্যালেঞ্জ’ নেওয়ার হিড়িক। সারা বিশ্ব এখন হিম বরফ জলে স্নান করে কাঁপছে। কাঁপাকাঁপিটা উভয় অর্থেই। কিন্তু এই প্রথম একজন তারকাকে পাওয়া গেল যিনি শুধু এই চ্যালেঞ্জ নিতে প্রত্যাখ্যানই করেননি, জানিয়েছেন অন্য রকম মতও। পামেলা অ্যান্ডারসন বলেছেন, তিনি এর পক্ষে নেই।
তবে উদ্যোগটা যে মহৎ সেটা তিনি স্বীকার করছেন। এই উদ্যোগের কারণে এরই মধ্যে কয়েক লাখ ডলারের তহবিলও গড়ে উঠেছে এএলএস রোগের চিকিৎসার জন্য। সমস্যা হলো, এএলএস সংস্থাটি এই রোগের চিকিৎসা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায় পশুপাখির ওপর। পামেলা আবার অনেক দিন ধরেই পশুপ্রাণীর অধিকার নিয়ে কাজ করছেন।
তাঁর মতে, এভাবে গবেষণাগারে পশুদের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানো আদিম এবং বর্বরতম প্রথা। বেওয়াচ তারকা বলেছেন, ‘আইস বাকেট চ্যালেঞ্জটা নিতে পারছি না। আমি চ্যালেঞ্জ নিতে ভালোইবাসি। তা ছাড়া এমন সৃষ্টিশীল উপায়ে সচেতনতা বৃদ্ধিও অনেক ভালো একটা উপায়। কিন্তু আমি এও মনে করি, এএলএসের অবশ্যই গবেষণাগারে পশুপাখিদের ওপর পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করতে হবে।’
মানুষের রোগ নিয়ে গবেষণা করার সময় পশুদের গবেষণাগারের বলি না বানিয়ে অন্য কিছু করা যায় কি না, সেটাও ভেবে দেখতে বলেছেন তিনি। পিটিআই।
২৪.০৮.২০১৪ 