ঝালকাঠিতে কুটিরশিল্প সামগ্রী বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ৮ ডিসেম্বর ২০২১ বুধবার
সংগৃহীত ছবি
ঝালকাঠির নারীদের আত্ম কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে হাতে তৈরি কুটিরশিল্প সামগ্রী বিক্রয় কেন্দ্র ও বিউটিপার্লার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় শহরের আমতলা সড়কের আরএস প্লাজা ও থানা সড়কের বিসমিল্লাহ টাওয়ারে দু’টি প্রতিষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জোহর আলী।
মহিলাবিষয়ক অধিদপ্তর এ প্রতিষ্ঠানটির পরিচালনা করবে।
ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে নারী উদ্যোক্তাদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি।
জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে আয়শা সিদ্দিকা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারিহা নিশাত, সদর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও সদর থানার ওসি খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
এ প্রতিষ্ঠান থেকে অল্পখরচে নারীরা রূপসজ্জা, হাতে তৈরি পোশাকসহ বিভিন্ন কুটিরশিল্প সামগ্রী পাওয়া যাবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
