ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৭:৫২:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনাবিধি ভেঙে ডাচ রাজকন্যার জন্মদিন উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪২ এএম, ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার

নেদারল্যান্ডসের সিংহাসনের পরবর্তী উত্তরসূরি ক্যাথেরিনা আমালিয়া৷ 

নেদারল্যান্ডসের সিংহাসনের পরবর্তী উত্তরসূরি ক্যাথেরিনা আমালিয়া৷ 

করোনাবিধি ভেঙে সম্প্রতি ডাচ রাজকন্যা ক্যাথেরিনা আমালিয়ার জন্মদিন উদযাপন করা হয়েছে। আর কারণে সমালোচনা মুখোমুখি হতে হয়েছে রাজ পরিবারকে।

সরকারের ঘোষিত নিয়ম অনুযায়ী চারজনের বেশি অতিথিকে বাড়িতে আমন্ত্রণ জানাতে পারেন না নেদারল্যান্ডসের মানুষ৷ কিন্তু ব্যতিক্রম ঘটেছে দেশটির অষ্টাদশী রাজকন্যার জন্মদিনে।

নেদারল্যান্ডসের সিংহাসনের পরবর্তী উত্তরসূরি ক্যাথেরিনা-আমালিয়া৷ গত ৭ ডিসেম্বর রাজপরিবারের এই জ্যেষ্ঠকন্যা পা রেখেছেন ১৮-তে৷ আনুষ্ঠানিকভাবে পিতার সিংহাসনের দাবিদার হওয়ার যোগ্যতা অর্জন করায় রাজকন্যার জন্মদিন ঘটা করে পালন হওয়াটাই স্বাভাবিক৷ কিন্তু বাধ সাধে করোনা৷ ক্রমশ সংক্রমণ বাড়তে থাকায় দেশটিতে চলছে আংশিক লকডাউন৷ জারি আছে সান্ধ্য আইনও৷ তাই বলে কি অষ্টাদশী রাজকন্যার জন্মদিন পালন বন্ধ থাকে!

ডাচ সংবাদপত্র ‘ডি টেলিগ্রাফের' এক খবরে বলা হয়, বেশ ঘটা করেই দিনটি উদযাপন করেছেন আমালিয়া৷ হেগ শহরে অবস্থিত রাজপ্রাসাদের বাগানে আয়োজিত সেই উৎসবে প্রায় ১০০ অতিথিকে আমন্ত্রণ জানান তিনি৷ 

এ নিয়ে আলোচনা সমালোচনায় মুখে রাজপ্রাসাদ জানিয়েছে ১০০ জন নয়, উৎসবে অংশ নিয়েছেন মোটে ২১ জন৷ তাদের প্রত্যেকেরই কোভিড পরীক্ষা করানো হয়েছিল এবং সামাজিক দূরত্বও বজায় ছিল৷ এক চিঠিতে রাজা ভিলেম-আলেক্স্যান্ডারের বরাত দিয়ে দেশটির সংসদকে এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক রুটে৷

তারপরও যা ঘটেছে তাতে রাজা সন্তুষ্ট নন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ রাজা তাকে জানিয়েছেন, এভাবে জন্মদিন পালনের ভাবনাটা মোটেও ভালো ছিল না৷ এ নিয়ে যে প্রতিক্রিয়া হয়েছে তাও স্বাভাবিক বলেই মনে করছেন তিনি৷

ডাচ রাজপরিবার নিয়ে এবারই প্রথম বিতর্ক নয়৷  ২০২০ সালে করোনার প্রকোপের সময় সরকার যখন সাধারণ মানুষকে ঘরে থাকতে পরামর্শ দিয়েছিল গোটা রাজপরিবার তখন গ্রিস ভ্রমণে বেরিয়েছিল৷ যদিও সমালোচনার মুখে পরে ভ্রমণ সংক্ষিপ্ত করে দেশে ফিরেন তারা৷