স্বতন্ত্র ৩ নারী সাংসদের আ.লীগে যোগদান
প্রকাশিত : ১২:১১ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৪ মঙ্গলবার | আপডেট: ০৬:০৯ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৪ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র জোট থেকে নির্বাচিত সংরক্ষিত নারী সাংসদ কাজী রোজী, নূর জাহান বেগম ও উন্মে রাজিয়া কাজল আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
তাঁরা সংসদের প্রথম ও দ্বিতীয় অধিবেশনে ‘স্বতন্ত্র’ থাকলেও তৃতীয় অধিবেশনে এসে ক্ষমতাসীন দলে অন্তর্ভুক্ত হলেন।
সোমবার চলতি সংসদের তৃতীয় অধিবেশন শুরুর আগের দিন সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের সহকারী সচিব শওকত আকবর এক চিঠিতে নির্বাচন কমিশন সচিবকে বিষয়টি জানান।
সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে এবার আনুপাতিক হারে আওয়ামী লীগ ৩৯টি এবং তাদের শরিক জাসদ ও ওয়ার্কার্স পার্টি একটি করে আসন পায়। বিরোধী দল জাতীয় পার্টি পায় ছয়টি আসন।
আর ১৬ জন স্বতন্ত্র সাংসদের জোট থেকে মনোনীত কাজী রোজী, নূর জাহান বেগম ও উন্মে রাজিয়া কাজল সংসদে আসেন। কিন্তু সরাসরি নির্বাচিত স্বতন্ত্র সাংসদদের ছেড়ে তারা এখন ক্ষমতাসীন দলে যোগ দিলেন।
বিএনপি ও সমমনাদের বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি ভোটের পর আওয়ামী লীগ টানা দ্বিতীয় দফায় সরকার গঠন করে এবং ২৯ জানুয়ারি দশম সংসদের যাত্রা শুরু হয়।
পরে দল মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নির্বাচিত হন।
০২.০৯.২০১৪ 