গৃহবধূর চুল ও ভ্রু কেটে নির্যাতন, স্বামীসহ গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০২ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
সিরাজগঞ্জের শাহজাদপুরে গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় শারীরিকভাবে নির্যাতন করে মাথার চুল এবং চোখের ভ্রু কেটে দেওয়ার অভিযোগে স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) ভোরে ঢাকার সাভার থেকে স্বামী মেহেদী হাসান সুজন (৪৩) ও সিরাজগঞ্জের শাহজাদপুরের খাসসাতবাড়িয়া থেকে সুজনের ভাই সুমন (৩৫) ও মা ময়না বেগমকে (৫৫) আটক করা হয়। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২ এর উপ অধিনায়ক মেজর মুশফিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, নির্যাতিতা গৃহবধূ গুলনাহার পারভিন মিনু (৩০) গত ১৫ বছর পূর্বে মেহেদী হাসান সুজনের সঙ্গে বিবাহ হয়। বর্তমানে তাদের দুইটি কন্যা সন্তান রয়েছে। সংসার জীবনে মেহেদী হাসান সুজন একজন গার্মেন্টস কর্মী। চাকরির সুবাদে স্ব-পরিবারে ঢাকায় বাসবাস করতেন।
গত ৩ ডিসেম্বর গ্রামের বাড়ি শাহজাদপুরে পুরো পরিবার নিয়ে বেড়াতে আসেন তারা। গুলনাহার পারভিন মিনু বিবাহের পর থেকেই বিভিন্ন ভাবে স্বামীর সংসারে নির্যাতিত হয়ে আসছিলেন। সবশেষ গত ১৫ ডিসেম্বর মিনুর স্বামী সুজন স্ত্রী মিনুর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে তাকে মধ্যযুগীয় কায়দায় শারীরিকভাবে নির্যাতন করে মাথার চুল এবং চোখের ভ্রু কেটে দেয়।
পরবর্তীতে মিনুকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে মিনুর পরিবার শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন এবং র্যাবের নিকট আসামিদের আটকের জন্য অভিযোগ দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় ভোরে র্যাব-১২ এবং র্যাব-৪ এর যৌথ অভিযান চালিয়ে আধুনিক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারীর মাধ্যমে শাহজাদপুর এবং ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত আসামিদেরকে গ্রেপ্তার করা হয়।
