বিছানায় দুই শিশুকন্যার লাশ, মা ঝুলছিল সিলিং ফ্যানে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৩২ এএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় দুই শিশুসহ এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুন অফিস কৈলাষের ঘোনা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
ঈদগাঁও থানার পরিদর্শক আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত ওই নারীর নাম জিসান আকতার (২৫)। তিনি কৈলাষের ঘোনা গ্রামের বাসিন্দা শহিদুল হকের স্ত্রী। জিসান আকতারকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া শহিদুল হকের দুই মেয়ে শহিদ জাবিন (৫) ও সাইফা শহিদ জেরিনের (২) মরদেহ বিছানায় পাওয়া যায়।
পুলিশ পরিদর্শক আবদুল হালিম জানান, খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। মর্মান্তিক এই ঘটনার কারণ জানা যায়নি।
ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নূর মোহাম্মদ জানান, শহিদুল হক ও তার ভাই জিয়াউল হক লবণের ব্যবসা করেন। বুধবার সকালে লবণ নিয়ে শহিদুল হক মহেশখালী যান।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম জানান, দ্বিতল বাড়িতে জিয়াউল হক নিচে ও শহিদুল হক উপরে বাস করেন। শহিদুলের শোবার ঘরেই মা-মেয়ের মরদেহ পাওয়া গেছে। তাদের পারিবারিক কলহ ছিল বলেও জানা যায়নি।
