চরফ্যাসন ‘শিশু পার্ক’ আগামী মাসে উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ৩ জানুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ০৪:৪৬ পিএম, ৩ জানুয়ারি ২০১৮ বুধবার
ভোলা জেলার চরফ্যাসন পৌরসভায় ‘চরফ্যাসন শিশু ও বিনোদন পার্ক’ নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। পৌরসভার উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র সদর রোড সংলগ্ন এলাকায় ১০ কোটি টাকা ব্যয়ে পার্কটি নির্মাণ কাজ চলছে। প্রায় পৌনে ২ একর জমির ওপর নির্মিত শিশু পার্কটি আগামী মাসে উদ্বোধনের কথা রয়েছে। ইতোমধ্যে ৯৮ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। জেলায় শিশুদের বিনোদনের জন্য এই কোনো পার্ক স্থাপন করা হলো।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামিম হাসান আজ বুধবার জানান, পার্কটিতে শিশুদের বিনোদনের জন্য প্যারাট্রুপার, ওয়ান্ডার হুইল, ফ্যামিলি ট্রেন, মেরি গো রাউন্ড, মিনি মেরি গো রাউন্ড, সূপার হানি সুইং, মিনি হানি সুইং, মিনি ট্রেনসহ মোট ৮টি রাইডস রাখা হয়েছে। রয়েছে ডায়নসর, জিরাফ, বানর, হাতি, পাখির প্রতিকৃতি। মনোরম ফুলের বাগান, বাচ্চাদের খেলনার জন্য কৃত্রিম ব্রিজ, বসার বেঞ্চ, পুকুরের সৌন্দর্য বর্ধন করে ওয়াটার রাইডস প্যাডেল বোট, চারপাশে দৃষ্টিনন্দন ওয়াকওয়েসহ বিভিন্ন বিনোদনের আয়োজন রয়েছে। যা বরিশাল ও খুলনা বিভাগের কোন শিশু পার্কে সর্বোচ্চ বিনোদনের ব্যবস্থা।
পৌরসভা সূত্র জানায়, চরফ্যাসন তথা সমগ্র জেলায় বিগত দিনে শিশুদের বিনোদনের জন্য আলাদা কোন ব্যবস্থা ছিলো না। তাই শিশুদের পরিপূর্ণ বিনোদনের জন্য স্থানীয় এমপি এবং বন ও পরিবেশ উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এ পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। পার্কটিতে বিভিন্ন রাইডসে শিশুদের পাশাপাশি বড়রাও অংশগ্রহণ করতে পারবে। বিশেষ করে সন্ধ্যার পর বাহারি আলোক সজ্জা পার্কটিতে বাড়তি সৌন্দর্য বৃদ্ধি করবে।
এদিকে চরফ্যসনে শিশুদের বিনোদনের পার্ক স্থাপনে আনন্দ প্রকাশ করেছে স্থানীয়রা। এখন খুব সহজেই নিজ এলাকাতে বাচ্চাদের নিয়ে বেড়াতে যাওয়া যাবে। আধুনিক সুযোগ-সুবিধা সম্মিলিত পার্কটি নিয়ে শিশুদের পাশাপাশি বড়দেরও রয়েছে বাড়তি কৌতুহল। এ পার্ক বাচ্চাদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সচেতন মহল মনে করছেন।
স্থানীয় স্কুল শিক্ষিকা জান্নাতুল লিপি বলেন, শিশুদের মেধা বিকাশে লেখা-পড়ার পাশাপাশি সুস্থ্য বিনোদন অত্যন্ত জরুরি। সেই ক্ষেত্রে শিশু পার্কটি এখানকার কমোলমতি শিশুদের মেধা গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।
সূত্র : বাসস
