বরিশালে জমে উঠেছে পৌষ মেলা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:১৪ পিএম, ৭ জানুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ১০:১৭ পিএম, ৮ জানুয়ারি ২০১৮ সোমবার
‘পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে চলে আয় আয় আয়’ এ স্লোগান নিয়ে বরিশাল শহরে চলছে তিন দিনব্যাপী পৌষ মেলা। পিঠা পুলি ও বিভিন্ন পণ্যের সম্ভারে জমে উঠেছে মেলা। নারীদের কলকাকলীতে মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।
মেলায় ঘুরতে আসা শিরিন শারমিন বলেন, প্রথমবারের মত অায়োজিত হলো এ মেলা। সকলের বিনোদনের একটি জায়গা তৈরি হলো। এখানে এসে একটি গ্রামীণ ঐতিহ্যবাহি পরিবেশের সাথে পরিচয় হলাম। তাছাড়া অনেক পরিচিতজনের সাথে দেখা হলো। নানা রকম পিঠা খেয়ে আর মেলায় ঘুরে সময় কেটে যাচ্ছে আনন্দে।
শনিবার বিকেলে মেলার উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম খান। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ বরিশাল শাখা এ মেলার আয়োজন করেছে।
নগরীর জগদীশ স্বারসত বালিকা বিদ্যালয় মাঠে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলছে। মেলায় পিঠা পুলি ও বিভিন্ন পণ্য নিয়ে বানানো ১৮টি স্টল অংশগ্রহণ করেছে।
প্রথম দিন থেকেই দর্শনার্থীদের ঢল নেমেছে মেলা প্রাঙ্গণে। এছাড়া মেলায় প্রতিদিন আবৃত্তি, সংগীত, নাটক, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। ৮ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।
কলেজ ছাত্রী বিন্তি ইসলাম বললেন, চমৎকার উদ্যোগ। আশা করবো প্রতি বছর পৌষ মেলার আয়োজন করা হবে।
