ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৫:২৫:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দুর্নীতির সাথে আপোশ নয় : তারানা হালিম

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ৭ জানুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ১০:৫৯ পিএম, ৭ জানুয়ারি ২০১৮ রবিবার

তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তারানা হালিম বলেছেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সব সাফল্য প্রধানমন্ত্রীর, যদি কোনো ব্যর্থতা থাকে তাহলে তা আমার। যেখানেই যাবো, সততার সাথে কাজ করে যাবো। দুর্নীতির সাথে আপোশ করা সম্ভব নয়। 

 

রোববার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিচিতির পর তথ্য অধিদপ্তরের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। 

 

এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, প্রধান তথ্য অফিসার কামরুন নাহার উপস্থিত ছিলেন।

 

তারানা হালিম বলেন, উন্নয়নের কাজ আমি একা করিনি। ডাক ও টেলিকমের কর্মকর্তা-কর্মচারিরা অক্লান্ত পরিশ্রম করেছেন। সাফল্য যা হয়েছে, সব সাফল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমি কর্মী হিসেবে কাজ করেছি।

 

তিনি বলেন, সততার সঙ্গে কাজ করে গেছি। কারণ প্রধানমন্ত্রীর দক্ষ দিক-নির্দেশনা পেয়েছি। বিগত মন্ত্রণালয়ের সাফল্যের ধারাবাহিকতা এখানেও রক্ষা করব। সুন্দর কাজ বেশি বেশি উপহার দেব।

 

তিনি আরো বলেন, ভালো কাজ করার জন্য যখন-যেখানে যাব সততার সঙ্গে কাজ করব। আমি দুর্নীতির সঙ্গে কখনও আপোশ করিনি, করব না, করা সম্ভব নয়। এটা মাননীয় প্রধানমন্ত্রী শিখিয়েছেন। বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে আমাদের দুর্নীতির সঙ্গে কখনো সমঝোতা হতে পারে না। এই ধারা এখানেও থাকবে।

 

তিনি বলেন, আমি তথ্য মন্ত্রণালয়েও দুর্নীতির সাথে আপোশ করবো না। তথ্যমন্ত্রী ইনু ভাই আছেন। তিনি এখন যেসব চ্যালেঞ্জিং কাজের দায়িত্ব দেবেন আমি আশা করি তা যথাযথভাবে পালন করবো।

 

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আগের মতোই আমার দরজা আপনাদের জন্য খোলা থাকবে। আপনাদের দাবিগুলো ইনু ভাইয়ের কাছ থেকে জেনে নিয়ে তা বাস্তবায়নের জন্য চেষ্টা করবো।