বেড়ায় শিশুকে শ্বাসরোধে হত্যা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৩৬ পিএম, ১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৫:০০ পিএম, ১২ জানুয়ারি ২০১৮ শুক্রবার
পাবনা জেলার বেড়া উপজেলায় তামিম হোসেন (৬) নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে স্থানীয় স্কুলে প্রথম শ্রেণির ছাত্র ছিলো।
আজ বৃহস্পতিবার সকালে তামিমের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তামিম উপজেলার খাকছড়া গ্রামের চকপাড়ার মনসুর আমীনের ছেলে।
বেড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু তামিম বুধবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলো। রাতে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি পরিবার। বৃহস্পতিবার সকালে বাড়ির পিছনে তার লাশ পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান ওসি মোজাফফর হোসেন।
