ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৫:২৪:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইজতেমা উপলক্ষে কল্যাণ কামনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:১০ পিএম, ১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৯:১৩ পিএম, ১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ইজতেমা উপলক্ষে মহান আল্লাহর দরবারে দেশবাসী ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল্যাণ এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।


তিনি বলেন, ‘আমি আশা করি, এ মহান ধর্মীয় সমাবেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে। দেশ ও বিশ্বের সর্বস্তরের মানুষ ও মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করবে।’
প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমা উপলক্ষে আজ দেয়া এক বাণীতে এ প্রত্যাশা ব্যক্ত করেন ।


আগামীকাল শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে। এ উপলক্ষে শেখ হাসিনা মুসলমানদের অন্যতম বৃহৎ সমাবেশ বিশ্ব ইজতেমা উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।


প্রথানমন্ত্রী বাণীতে বলেন, ‘আবহমানকাল ধরে আমাদের লালিত অসাম্প্রদায়িক চেতনা, অকৃত্রিম সরলতা ও অতিথিপরায়ণতা এবং সহিষ্ণুতার আলোকবার্তা ইজতেমায় আগত বিদেশী মেহমানদের মাধ্যমে বিশ্ব দরবারে পৌঁছে যাবে- এ আমার প্রত্যাশা।’


ঢাকার উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে এই বিশ্ব ইজতেমা ইসলামের মর্মবাণী প্রচার ও প্রসারের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমা উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।