আবারও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব মমতা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:০০ পিএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
আবারও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপি সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্যাডার কাঠামো ভাঙার চেষ্টার অভিযোগ তুলেছেন তিনি।
যদিও বিজেপি রাজ্য নেতৃত্ব বলছে, কেন্দ্রীয় ক্যাডারের কর্মকর্তারা রাজ্যের কথায় কাজ করার ফলেই বরং এই কাঠামোতে বিঘ্ন ঘটছে। আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে বিজেপির সঙ্গে বিবাদের নতুন মাত্রা নিয়ে রাজনৈতিক মহলেও উঠছে নানা প্রশ্ন।
বির্তকের শুরুটা গেল বছরের মে মাসে। ঘূর্ণিঝড় 'ইয়াস' এর পর পশ্চিমবঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জরুরি সফরে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে না থেকে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রীর সফরে। দেশের প্রধানমন্ত্রী যে কোনও রাজ্যে সফর করলে ওই রাজ্যের মুখ্য সচিবকে নিয়ম মেনেই তার সঙ্গে থাকতে হয়। যদিও সেবার সেটি হয়নি। বিষয়টি গোটা ভারতের কাছে নজিরবিহীন বলে প্রতীয়মান হলেও, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটিকে স্বাভাবিক ঘটনা হিসেবেই দাবি করে আসছিলেন।
আলাপন বন্দ্যোপাধ্যায়কে জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব করা হলে, তাতেও সাড়া দেননি তিনি। মুখ্যসচিব পদ থেকে ইস্তফা দিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। আর এখানেই আইনি জটিলতায় আটকে যান তিনি। কেন্দ্রীয় সরকার আইন করে সেন্ট্রাল ক্যাডারদের রাজ্যের নিয়ন্ত্রণের বাইরে রাখার উদ্যোগ নেয়। আর এতেই ক্ষুব্ধ হন মমতা। নেতাজির ১২৫তম জন্মবাষির্কীর অনুষ্ঠানে বিজেপি সরকারের বিরুদ্ধে হুঙ্কার ছাড়েন তিনি।
মমতার ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় উল্টো তার সরকারের বিরুদ্ধেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে অসযোগিতা এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ক্যাডার কাঠামো নষ্টের অভিযোগ তুলেছে রাজ্য বিজেপি। দলটির নেতারা আরও জানান, আগামী মার্চের মধ্যেই আইন করে কেন্দ্রীয় ক্যাডার কর্মকর্তাদের রাজ্য সরকারের নিয়ন্ত্রণমুক্ত করার বিষয়ে মোদি সরকার উদ্যোগ নেবে।
আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মণিপুর, গোয়া এবং উত্তরাখন্ডের বিধানসভা নির্বাচন। উত্তরপ্রদেশে সমাজবাদি পার্টির অখিলেশ যাদবকে সমর্থন করে এবং গোয়ায় সরাসরি নির্বাচনে অংশ নিয়ে এরইমধ্যে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছেন মমতা। আর নির্বাচনের আগে উত্তাপ ছড়াতেই মমতা কেন্দ্রীয় ক্যাডারদের নিয়ে সমালোচনায় মেতেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
