ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৫:২৫:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৩০ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ০১:০০ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮ সোমবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন।

 

টঙ্গীর তুরাগ তীরে আজ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তাবলিগ জামাতের বৃহত্তর এই সম্মেলনের প্রথম পর্ব শেষ হল।


আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলিসহ প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও আত্মীয়রা এ সময় গণভবনে তার সঙ্গে মোনাজাতে অংশ নেন।

 


আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহ্র বৃহত্তম ঐক্যের পাশাপাশি দেশ ও জাতির অব্যহত শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।


কাকরাইল জামে মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মো. জুবায়ের মোনাজাত পরিচালনা করেন। আখেরি মোনাজাত ও ‘হেদায়েতী বয়ান’ এবারই প্রথম বাংলায় করা হয়।


ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাইবান্ধা, শেরপুর, লাক্ষ্মীপুর, ভোলা, ঝালকাঠী, পটুয়াখালী, নড়াইল, মাগুরা, পঞ্চগড়, নীলফামারী ও নাটোরসহ দেশের ১৬টি জেলার লাখ লাখ মুসল্লি ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন।


এবারের ইজতেমার প্রথম পর্বে ৮৮টি দেশের প্রায় ৪ হাজার ৪৭৩ জন বিদেশি মুসল্লি অংশ নিয়েছে। আগামী ১৯ থেকে ২১ জানুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আরম্ভ হবে। দেশের অবশিষ্ট ১৬টি জেলার মুসল্লিরা সেখানে অংশ নিবেন।


শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হল।



১৯৬৭ সাল থেকে নয়াদিল্লী ভিত্তিক তাবলিগ-ই-জামাত এই বিশ্ব ইজতেমার আয়োজন করে আসছে।


ইজতেমায় দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লি আসতে থাকায় চাপ কমাতে ও সুষ্ঠুভাবে জমায়েতটি পরিচালনা করার স্বার্থে ২০১১ সাল থেকে দুই পর্বে বিশ্ব ইজতেমার আয়োজন করা হচ্ছে।