যশোরে শিশুদের হাতেখড়ি উৎসব
বাসস
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:২১ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ০৯:১৭ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮ রবিবার
ঐতিহ্যের ধারাবাহিকতায় তালপাতায় মাতৃভাষায় বর্ণ লিখে শিক্ষা জীবনের হাতেখড়ি হল যশোরের ৩শ’ কোমলমতি শিশুর। উদীচী যশোরের আয়োজনে হাতেখড়ি উৎসবে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এ শিশুদের হাত ধরে তালাপাতার উপর লিখে তাদের বিদ্যা অর্জনের শুভ সূচনা করেন।
উৎসবে সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য লোকশিল্পী ফকির শাহাবুদ্দিন। আবহমান বাংলার গৌরবময় সমৃদ্ধ পারিবারিক সামাজিক অনুষ্ঠান নাগরিক জীবনে সার্বজনীন করার লক্ষ্য নিয়ে যশোরের পৌর উদ্যানের সবুজ চত্বরে বৃহৎ কলেবরে শনিবার বিকেলে এ উৎসবের আয়োজন করা হয়।
এ উপলক্ষে শহরের পৌর উদ্যানে বসেছিল শিশুমেলা। শিশুমেলায় স্বতঃপ্রণোদিত হয়ে উপস্থিত ছিলেন অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার আলোকিত মানুষেরা। এই আলোকিত মানুষের হাত ধরেই আলোকিত জীবন গড়ার প্রত্যয় নিয়ে শিশুরা শিক্ষাজীবনের শুরুতে হাতেখড়ি নেয়।
জাতীয় সংগীত ও উদীচীর সংগঠন সংগীতে শুরু হয় এ উৎসব। উদ্বোধন করেন উৎসবের প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম টুকু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী। আলোচনা করেন উদীচী যশোরের উপদেষ্টা প্রবীণ আইনজীবী এ্যাডভোকেট কাজী আব্দুস শহীদ লাল ও ডাক্তার ইয়াকুব আলী মোল্লা।
সভাপতিত্ব করেন উদীচী যশোরের সভাপতি ডিএম শাহিদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব। শুভেচ্ছা বক্তব্য রাখেন অক্ষর শিশু শিক্ষালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চামেলী মুখার্জী ও সম্মিলনী ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক চঞ্চল সরকার।
উৎসবে উদীচী যশোর পরিচালিত অক্ষর শিশু শিক্ষালয়ের নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীসহ ব্যাপ্টিস্ট চার্চ বিদ্যালয়, সম্মিলনী ইনস্টিটিউশন, ওয়াইডাব্লিউসিএ নার্সারী স্কুল, লিটল স্টার স্কুল, লিটল এঞ্জেল স্কুল, অংকুর কিন্ডার গার্টেন, নাজির শংকরপুর প্রাথমিক বিদ্যালয়, বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মৌমাছি স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থী হাতে খড়ি নেয়।
এদিকে, উদীচী যশোরের উদ্যোগে পৌর উদ্যানে বৃহৎ পরিসরে তৃতীয় বারের মতো এ আয়োজনে অভিভূত হয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। মুক্তা ইয়াসমিন নামের এক অভিভাবক উচ্চসিত হয়ে বলেন, এমন আয়োজন যেন অব্যাহত থাকে, সেটাই প্রত্যাশা করি।
উদীচী যশোরের সভাপতি ডিএম শাহিদুজ্জামান শহিদ বলেন, বিগত ২০১১ সাল থেকে উদীচী যশোরের উদ্যোগে নিজস্ব প্রাঙ্গণে এ হাতে খড়ি উৎসবের আয়োজন করা হচ্ছে। এ উৎসবকে সর্বসাধারণের মধ্যে বিকশিত করতে এবছর থেকে বৃহৎ পরিসরে পৌর উদ্যানের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হলো। এ প্রয়াস অব্যাহত থাকবে বলে তিনি জানান।
