ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ৭:২৩:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রংপুর চিড়িয়াখানায় বাঘিনীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার বাঘের খাঁচাটি এখন বেঙ্গল টাইগার শূন্য। শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) রাতে খাঁচাবন্দি থাকা  ‘শাওন’ নামে বাঘিনীর মৃত্যু হয়েছে। শনিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে একমাত্র বাঘিনীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী তালুকদার বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাঘিনীটি মারা যায়। মূলত বার্ধক্যের কারণে প্রাণীটি মারা গেছে।


তবে অনেকেই মনে করছেন, মাঘের শীত আর বৃষ্টিতে বয়স্ক বেঙ্গল টাইগারটি অসুস্থ হয়ে মারা গেছে। বর্তমানে চিড়িয়াখানায় বাঘের খাঁচা শূন্য রয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, খাঁচায় একটি মাত্র বাঘিনী ছিল। এই বাঘিনীকে শাওন নামে ডাকা হতো। ২০১০ সালে রংপুর চিড়িয়াখানায় শাওনকে আনা হয়। এটির জন্ম ২০০৩ সালের ৩০ জুন।  বয়স হয়েছিল ১৮ বছর ৭ মাস। মৃত্যুর আগে কোনো রোগে আক্রান্ত ছিল না।    

চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী বলেন, বেঙ্গল টাইগারটির বয়স বেশি হয়েছিল। বাঘ সাধারণত ১৫ থেকে ১৬ বছর পর্যন্ত বাঁচে। সে অনুযায়ী বার্ধক্যের কারণে বাঘিনীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতেই ময়নাতদন্ত শেষে চিড়িয়াখানাতেই পরিবেশসম্মতভাবে বাঘিনীকে মাটিতে পোঁতা হয়েছে।