ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ৭:৩৩:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মাগুরায় স্কুল শিক্ষিকা ও তার মাকে পিটিয়ে জখম করেছে এক তরুণ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

কুপ্রস্তাব ও যৌন হয়রানীর প্রতিবাদ করায় মাগুরার মহম্মদপুর উপজেলার পাচুরিয়া গ্রামে এক শিক্ষিকা ও তার মাকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে খোকন রায় নামে এক যুবকের বিরুদ্ধে। আহত মা মেয়েকে আজ শনিবার বিকালে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত খোকন রায় মহম্মদপুরের ভিটে পাড়া গ্রামের লক্ষীপদ রায়ের ছেলে। 

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি স্কুল শিক্ষিকার মা রিপা রানী অভিযোগ করেন, তার মেয়ে স্থানীয় একটি মন্দিরের গণশিক্ষা কার্যক্রমের একজন শিক্ষিকা।

দীর্ঘদিন ধরে খোকন রায় স্কুলে আসা যাওয়ার পথে তার মেয়েকে উত্যক্ত করে আসছে। পাশাপশি কুপ্রস্তাব দিয়ে আসছিলো। মান সম্মানের ভয়ে তারা বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন। ঘটনার এক পর্যায়ে আজ শনিবার সকালে খোকন রায় তাদের বাড়ির সামনে এসে তার মেয়েকে একইভাবে উত্যক্ত করে।

এসময় তিনি ও তার মেয়ে প্রতিবাদ করলে একটি বাঁশ দিয়ে খোকন রায় তাদের পিটিয়ে আহত করে। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে খোকন রায় পালিয়ে যায়। প্রথমে তারা বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেন। আজ বিকালে বেশি অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের অন্যরা তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

নির্যাতিতা স্কুল শিক্ষিকার চাচা নিধির বিশ্বাস বলেন,‘বখাটে যুবক দীর্ঘদিন ধরে আমার ভাতিজিকে উত্যক্ত করে আসছে। শনিবার বাড়ি এস মারধর করেছে। আমরা এ ব্যাপারে থানায় অভিযোগ দেব’। 

অভিযুক্ত খোকন রায় অভিযোগ অস্বীকার করে বলেন,‘আমি কাউকে মারধর করি নি। বরং মা-মেয়ে মিলে আমাকে মেরেছে। পরে আমাকে ফাঁসানোর জন্য হাসপাতালে ভর্তি হয়েছে’।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন,‘লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।