আগামী শতাব্দী হবে এশিয়ানদের : স্পিকার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:২৬ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ১২:৪৭ এএম, ২০ জানুয়ারি ২০১৮ শনিবার
আগামী শতাব্দী এশিয়ানদের হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ মন্তব্য করেন।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ৬০ বছরপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় ‘দক্ষিণ এশীয় সমাজবিজ্ঞান’ বিষয়ক সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলনে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে সমাজবিজ্ঞানের অবস্থান, ভূমিকা ও গুরুত্ব তুলে ধরা হবে।
শিরীন শারমিন চৌধুরী বলেন, তরুণদের জন্য প্রযুক্তি নির্ভর শিক্ষা নিশ্চিতকরণ, দারিদ্র্যতা ও বৈষম্য দূর করে সবার জন্য সমতা নির্ভর সমাজ গঠন করতে হবে।
স্পিকার আরো বলেন, ‘তরুণ প্রজন্মকে নতুন নতুন উদ্ভাবনী কাজে উৎসাহিত করতে হবে। সমাজের সকল সেক্টরে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। পরিবর্তন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আর এ ক্ষেত্রে সমাজবিজ্ঞানীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন।’
শিরীন শারমিন চৌধুরী বলেন, বিগত ৬০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজকের এই সম্মেলন মাইলফলক হয়ে থাকবে। এ সময় তিনি বিভাগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম অধ্যাপক একে নাজমুল করিমকে স্মরণ করেন।
সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নেহাল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ।
অধ্যাপক নাসরীন আহমাদ বলেন, ২০২১ সালে গৌরবময় ঢাকা বিশ্ববিদ্যালয় ১০০ বছর পূর্ণ করবে। সমাজবিজ্ঞান বিভাগের ৬০ বছর পূর্তি সেই গৌরবেরই একটি অংশ। এসময় মুক্তিযুদ্ধে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি।
সম্মেলনে ’কলোনিয়ালিজম, কোল্ড ওয়ার অ্যান্ড গ্লোবালাইজেশন : সিচুয়েটিং সোসিওলজি ইন সাউথ এশিয়া’ শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সমাজবিজ্ঞানী পদ্মভূষণ ইন্টারন্যাশনাল সোসিওলজিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক টি. কে উমেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক কেএএম সাদ উদ্দীন, অধ্যাপক অনুপম সেন, অধ্যাপক ড. মনিরুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম প্রমুখ।
সম্মেলনের আটটি সেশনে মোট ৩২টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। দেশ-বিদেশের সমাজবিজ্ঞানের গবেষকরা এই সেশনগুলোতে প্রবন্ধ উপস্থাপন করবেন।
