ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৭:০৭:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জনপ্রতিনিধিদের সহায়তা জরুরী : চুমকি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ২১ জানুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ১০:০১ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রকল্পের কাজ যথাযথ এবং স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা নিতে হবে।  এ ক্ষেত্রে তাদের সাহায্য জরুরী।

 


মেহের আফরোজ চুমকি শনিবার বিকেলে কক্সবাজার সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্ত জাতীয় মহিলা সংস্থার উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি ও পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প সুবিধা কোন ধরণের মহিলারা প্রাপ্য সেটা স্থানীয় প্রতিনিধিরা ভাল বুঝবেন। এছাড়া প্রকল্পের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা হচ্ছে কিনা তা স্থানীয় প্রতিনিধিরা মূল্যায়ন করতে পারবেন।


কক্সবাজার জেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা আহমেদের সভাপতিত্বে পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা বেগম, জাতীয় মহিলা সংস্থা বাস্তবায়িত অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন (৩য় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক সরকারের অতিরিক্ত সচিব আনোয়ারা বেগম, তথ্য আপা প্রকল্পের পরিচালক সরকারের অতিরিক্ত সচিব মীনা পারভীন, নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের পরিচালক সরকারের যুগ্ম সচিব নুরুন্নাহার হেনা, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন এবং জেলা ভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের পরিচালক জি এম নজমুল হোসেন খান প্রমূখ।

 


প্রতিমন্ত্রী প্রকল্প পরিচালকদের উদ্দেশ্যে বলেন, নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নানামূখী কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। আর এই কার্যক্রম বাস্তবায়নের তদারকি করছেন আপনারা। আপনারা সঠিকভাবে সুবিধাভোগী নির্বাচন করবেন। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিবেন। দায়িত্ব পালনে কোন রকমের অবহেলা আমি সহ্য করবো না।

 


উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মহিলাদের আত্মনির্ভরশীল করার জন্য নানামুখী প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে কম্পিউটার প্রশিক্ষণ, ফ্যাশন ডিজাইন, বিউটিফিকেশন, ক্যাটারিং, মোবাইল সার্ভিসিং, মাশরুম চাষ, মৌমাছি চাষ, বিজনেজ ম্যানেজমেন্ট, মোমবাতি তৈরি, ব্লকবাটিক, হ্যান্ডলোম প্রভৃতি। প্রশিক্ষণ কেন্দ্রে যাতায়াত বাবদ ভাতা প্রদান করা হচ্ছে। ক্ষেত্র বিশেষে প্রশিক্ষণার্থিদের চাকরির ব্যবস্থা করছে।