সম্মতি ছাড়া নারীকে স্পর্শ করা যাবে না : দিল্লি আদালত
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:৪১ পিএম, ২১ জানুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ০৬:৪৩ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
কোনো রকম সম্মতি ছাড়া কোনা নারীর শরীরে হাত দেয়া যাবে না। তিন বছর আগের এক মামলার রায় দিতে গিয়ে এমনই বললেন দিল্লির আদালত।
বিচারক সীমা মাইনি বলেন, ভারতের মতো উন্নয়নশীল ও মুক্তমনা দেশে এখনও নারীদের কিছু পুরুষের লালসার শিকার হতে হয়। এটা খুবই লজ্জার।
২০১৪ সালে দিল্লির মুখার্জি নগর এলাকার একটি বাজারে ছবি রাম নামে এক যুবকের হাতে শ্লীলতাহানির শিকার হন এক নাবালিকা। ঘটনার পর গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে। আজ রোববার সেই মামলার রায়ের দিন ছিল। অভিযুক্ত ছবি রামকে তার অপরাধের জন্য ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।
রায় দেয়ার পর বিচারক মাইনি বলেন, নাবালিকা হোক বা সাবালিকা কোন মেয়ের শরীরের ওপর সবার আগে অধিকার তার নিজের। সে/তিনি নিজে সম্মতি না দেওয়া পর্যন্ত তার শরীরে হাত দেয়া যাবে না। বিচারক বলেন, ভারতে অনেক সময়ই নারীদের স্বাধীনতা খর্ব হচ্ছে। কিছু বিকৃত মানসিকতার পুরুষের লালসার শিকার হচ্ছেন নারীরা যা অত্যন্ত লজ্জার বিষয়।
সূত্র: জি নিউজ
