আজ সরস্বতী পূজা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:১১ পিএম, ২২ জানুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০৭:০০ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
আজ সোমবার সরস্বতী পূজা। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সরস্বতী বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে দেবী সরস্বতী জগতে আসেন। গতকাল মধ্যরাতে প্রতিমা স্থাপন করে পূজার আনুষ্ঠানিকতা সূচনা হয়। চলবে আজ রাত অবধি। তাদের ধর্মীয় রীতি অনুযায়ী সকালে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হবে। এরপর চরণামৃত নেবেন ভক্তরা।
আজ সকাল থেকে শুরু হবে বাণী অর্চনা ও অঞ্জলি। পুরোহিতরা `সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে`-এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করবেন, পূজার আচার পালন করবেন। এরপর ভক্তরা পুষ্পাঞ্জলি দেবেন। তাদের বিশ্বাস, দেবী খুশি হলে বিদ্যা ও বুদ্ধি অর্জিত হবে। দেবীর সামনে `হাতেখড়ি` দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হবে অনেকস্থানে। সন্ধ্যায় থাকবে আরতি। সন্ধ্যার পর বিভিন্ন মণ্ডপে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। দেবী সরস্বতীর পূজার্চনা উপলক্ষে তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে জ্ঞানার্জনে ব্রতী হয়ে দেশ গঠনে আত্মনিয়োগের আহবান জানান।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে জমজমাট পূজা উত্সবের প্রস্তুতি শেষ হয়েছে। রোকেয়া হল, ফজিলাতুন্নেসা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, শামসুন্নাহার হলেও পালিত হবে সরস্বতী পূজা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে সরস্বতী পূজার আয়োজন করেছে। এখানে সকাল ৬টায় প্রতিমা স্থাপন, ৯টায় স্তোত্র পাঠ, সকাল ১০টায় পুষ্পাঞ্জলি প্রদান, বেলা ১২টায় প্রসাদ বিতরণ, সন্ধ্যা ৭টায় সন্ধ্যা আরতি এবং রাতে আলোকসজ্জার আয়োজন করা হবে।
