ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৫:৫৪:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের পোল্যান্ডে নেওয়ার চেষ্টা চলছে’

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সৈন্যরা। এতে হামলার প্রথম ঘণ্টায় ইউক্রেনের ৪০ জনের বেশি সৈন্য এবং ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ইউক্রেন বলছে, তারা '৫০ জন রাশিয়ান দখলদার সৈন্যকে' হত্যা করেছে। রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশ করার ঘণ্টাখানেক পর এ ঘোষণা আসে।
ইউক্রেন রাশিয়ার উত্তেজনা যখন চরমে তখন উৎকণ্ঠায় রয়েছেন ইউক্রেনে প্রবাসী বাংলাদেশিরা। সরকারি হিসেবে সেখানে আছেন প্রায় ৫ শতাধিক বাংলাদেশি।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, ইউক্রেনে আটকে পড়া এসব বাংলাদেশিদের পোল্যান্ডে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের পোল্যান্ড সীমান্তে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। ইউক্রেন থেকে পোল্যান্ডে গেলে বাংলাদেশিরা ‘অন-অ্যারাইভাল ভিসা’ পাবেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ‘সরকার ইউক্রেন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে । কোনো পক্ষের প্রতি ঢাকার সমর্থন নেই। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান আশা করছি আমরা।’

প্রতিমন্ত্রী জানান, ইউক্রেনে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। ইতালি ও জার্মানি থেকে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা পোল্যান্ডে গেছেন। পোল্যান্ডে বাংলাদেশিদের দুই সপ্তাহ অবস্থানের খরচ বহন করবে সরকার। পোল্যান্ডে যাওয়ার দুই সপ্তাহের মধ্যে তাদের দেশে ফেরানো হবে। পোল্যান্ড থেকে তাদের দেশে ফেরাতে চার্টার্ড বিমান পাঠানোর চেষ্টা করছে সরকার।

তিনি বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজে কোনো ব্যঘাত ঘটবে না।

ইউক্রেন সংকটের কারণে বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব পড়বে, তা বলার মতো সময় এখনো আসেনি বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।