ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৭:০৯:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মাদক নির্মূলে কঠোর হতে হবে : চুমকি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:০০ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:১১ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮ শুক্রবার

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, মাদক সুন্দর জীবন ধ্বংস করে দেয়।আজকাল নারী এবং শিশুরাও ঝুঁকে পড়ছে। তাই শুধু সরকারই নয়, মাদকের মূল উৎপাটনে সমাজের সবাইকে কঠোর অবস্থান নিতে হবে।


আজ মঙ্গলবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও জামালপুর কলেজের যৌথ আয়োজনে মাসব্যাপী মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর কলেজ মাঠে ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, ইদানিং দেখা যাচ্ছে মাদকে নারী এবং শিশুরাও ঝুঁকে পড়ছে। অন্যদিকে পথশিশুরা অভিভাবকহীন পরিবেশে বেড়ে উঠছে। তাদের সমাজে ফিরিয়ে আনতে সরকারি ও বেসরকারিভাবে উদ্যোগ নেয়া হয়েছে।


তিনি বলেন, মাদকাসক্ত হওয়ায় অনেক নারী মাদক পাচার ও কেনা-বেচায় ব্যবহৃত হচ্ছে। সরকার নারী উন্নয়নে এসব নারীদের সাবলম্বী করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে।


জামালপুর কলেজ গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন গাজীপুর জেলা মাদবদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ প্রমুখ।