ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৪:০৯:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাষ্ট্রপতি নির্বাচন :

স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৫৬ এএম, ২৪ জানুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ০৫:৪৪ পিএম, ২৪ জানুয়ারি ২০১৮ বুধবার

বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ বুধবার বেলা ৩টায় সংসদ সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।

 

মঙ্গলবার সকালে সংসদ সচিবালয়ে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের ভোটার তালিকাসহ আনুষঙ্গিক বিষয়ে চিঠি পাঠিয়েছে ইসি। বিকেলেই সংসদ সচিবালয় ইসিকে ওই চিঠির জবাব দিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এই নির্বাচন নিয়ে কমিশন বৈঠক রয়েছে। বৈঠক শেষে তফসিল ঘোষণা করা হতে পারে।

 

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। আগামী ২৫ জানুয়ারি কমিশন বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার পর এ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’

 

ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘বুধবার বিকেল ৩টায় স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক অনুষ্ঠিত হবে। বিকালে সংসদ সচিবালয় থেকে চিঠি দিয়ে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’

 

রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের সংখ্যা, নাম ও নির্বাচনি এলাকা উল্লেখ করে চিঠিটি পাঠানো হয়।

 

স্পিকার-সিইসির বৈঠকের পর তফসিল ঘোষণার আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে করণীয় ঠিক করতে বৃহস্পতিবার কমিশন বৈঠক ডাকা হয়েছে।

 

সংশ্লিষ্টরা বলছেন, বুধবার থেকে ২১তম প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৯ মেয়াদে ১৬ জন প্রেসিডেন্ট হয়েছেন। সে হিসেবে আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি। ২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব নেওয়া বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পাঁচ বছরের মেয়াদ এ বছরের ২৩ ফেব্রুয়ারি শেষ হবে। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৬০ থেকে ৯০ দিনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন হবে।