দেশ রক্ষায় প্রাক্তন মিস ইউক্রেনের হাতে বন্দুক
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:১৪ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
সংগৃহীত ছবি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক ইউক্রেনীয় নাগরিক দেশ রক্ষার জন্য অস্ত্র তুলে নিয়েছেন। যুদ্ধে পুরুষদের পাশাপাশি অনেক নারী ও সেলিব্রেটিও অবদান রাখছেন।
এদিকে ইউক্রেনের সবচেয়ে সুন্দরী নারী ও প্রাক্তন মিস ইউক্রেন হাতে বন্দুক তুলে নিয়েছেন। ২০১৫ সালে মিস ইউক্রেন খেতাব জয়ী আনাস্তাসিয়া লেনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
রাশিয়ার হামলার বিরুদ্ধে দেশকে রক্ষা করতে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন আনাস্তাসিয়া লেনা। ২০১৫ মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল বিউটি কনটেস্টে ইউক্রেনের প্রতিনিধি ছিলেন তিনি। লেনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন, তিনি তার 'বাড়ি' রক্ষার জন্য অস্ত্র হাতে নিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'যে ব্যক্তি দখলদারির উদ্দেশ্যে ইউক্রেন সীমান্তে প্রবেশ করবে তাকে হত্যা করা হবে।
অন্য একটি পোস্টে আনাস্তাসিয়া মজা করে বলেছেন, 'আমাদের (ইউক্রেন) সেনাবাহিনী যেভাবে লড়াই করছে, ন্যাটোর উচিত ইউক্রেনে যোগ দেওয়ার জন্য আবেদন করা।
আনাস্তাসিয়া ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সৈন্যদের সঙ্গে হাঁটার একটি ছবিও শেয়ার করেছেন। দেশের রাষ্ট্রপতিকে "শক্তিশালী নেতা" হিসাবে বর্ণনা করেছেন তিনি।
ইনস্টাগ্রামে আনাস্তাসিয়ার ফলোয়ার ৭৫ হাজারের বেশি। তার দেশপ্রেমের প্রশংসা করেছেন অনেকে।
