মৃত্যুর মুখ থেকে ফিরে দেশ রক্ষায় ইউক্রেনের শিক্ষিকা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১৩ এএম, ৩ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
রুশ বাহিনীর ছোড়া একটি বোমা এসে পড়েছিল ইউক্রেনের বাহান্ন বছর বয়সী এক শিক্ষিকার বাড়িতে। হামলার পর তার গোটা মুখে দেখা গেছে রক্তের দাগ। যন্ত্রণাবিদ্ধ কিন্তু কঠোর মুখ ও চাহনিতে প্রবল দৃঢ়তা প্রকাশ পেয়েছে। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে তিনি যেন আরও দৃঢ় ও কঠোর হয়ে উঠেছেন। রাশিয়াকে রুখতে নিজের জীবন দিতেও প্রস্তুত।
দেশটির খারকিভ অঞ্চলের চুগুয়েভ শহরের ওলেনা কুরিলো নামের ইতিহাসের ওই শিক্ষিকা বলেন, ‘ইউক্রেন আমার জন্মভূমি। আমার মাতৃভূমিকে রক্ষার জন্য যা করতে হয় তাই করবো।’
ইতিহাসের শিক্ষক হিসেবে যুদ্ধের অনেক ইতিহাসই কুরিলোর নখদর্পণে থাকলেও নিজে সেই যুদ্ধের শিকার হবেন কখনও ভাবতে পারেননি বলে মন্তব্য করেন এই নারী।
গত তিন দিন ধরে রাজধানী কিভ এবং খারকিভ শহরে অনবরত বোমাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। তেমনই একটি বোমা এসে পড়েছিল ওই শিক্ষিকার বাড়িতে। বিকট শব্দে চারপাশ কেঁপে উঠেছিল। বোমার অভিঘাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল বাড়িটি। বিস্ফোরণের অভিঘাতে কাঁচের একটি বড় টুকরো কুরিলোর মুখে এসে আঘাত করে, ক্ষতবিক্ষত হয়ে যায় মুখ। কিন্তু ভাগ্যজোরে বেঁচে যান তিনি। তাকে উদ্ধার করে ইউক্রেন সেনা। চিকিৎসা করানো হয়।
সূত্র: আনন্দবাজার
