ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ৪:২৭:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ স্কুল ছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ৯ মার্চ ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহতরা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার্থী। ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা।  

আজ বুধবার সোয়া ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, স্কুলে যাওয়ার সময় বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই তিন ছাত্রীর মৃত্যু হয়।

নিহত ওই তিন শিক্ষার্থীর নাম মিম, তাসফিয়া ও রিমা। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। নিহত ওই তিন শিক্ষার্থী উপজেলার বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন।

সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) বিল্লাল হোসেন বলেন, ‘৩ জন নিহতের খবরে এলাকার লোকজন সড়ক অবরোধ করে রেখেছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান জানান, স্কুলে আসার সময় পঞ্চম শ্রেণির ছাত্রী মিম, তাসফিয়া ও রিমা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।