ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২৩:০৩:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম আর নেই

প্রকাশিত : ০৩:২২ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৪ মঙ্গলবার | আপডেট: ০৫:৫০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৪ মঙ্গলবার

bd1e59646e139089ff2d1fc9608cf195-Untitled-1স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : চলে গেলেন নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ফিরোজা বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, অর্থমন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী শোক জানিয়েছেন। বিরোধীদলীয় নেত্রী এবং বিএনপি চেয়ারপারসনও শোক জানিয়েছেন। সর্বস্তরের শ্রদ্ধার জন্য কাল দুপুর ২টা-৪টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর লাশ রাখা হবে। পরে গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। ৮৪ বছর বয়সী এই শিল্পী বেশ কিছুদিন যাবত কিডনি জটিলতায় ভুগছিলেন। এই জটিলতা বেড়ে গেলে সোমবার সকালে ফিরোজা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অ্যাপোলোর নেফ্রোলজি ও কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন বিভাগের কো-অর্ডিনেটর অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট কৃষ্ণ মোহন সাহুর তত্ত্বাবধানে চিকিৎসায় ছিলেন। সাংস্কৃতিক মন্ত্রী আসাদ্দুজামান জানিয়েছেন, কিংবদন্তী এই শিল্পীর মৃত্যুকালে তাঁর পুত্র-সন্তানেরা পাশে ছিল। ফিরোজা বেগমের জন্ম ১৯৩০ সালের ২৮ জুলাই ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমার (বর্তমান জেলা) রাতইল ঘোনাপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে। তাঁর বাবার নাম খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল এবং মায়ের নাম বেগম কওকাবুন্নেসা। ১৯৫৫ সালে বিরলপ্রজ সুরকার কমল দাশগুপ্তের সঙ্গে তাঁর বিয়ে হয়।তাঁর তিন সন্তান - তাহসিন, হামীন ও শাফীন। ১৯৪২ সালে ১২ বছর বয়সে বিখ্যাত গ্রামোফোন কোম্পানি থেকে ইসলামী গান নিয়ে তাঁর প্রথম রেকর্ড বের হয়। কিছুদিন পর কমল দাশগুপ্তের তত্ত্বাবধানে উর্দু গানের রেকর্ড হয়। এ রেকর্ডের গান ছিল- 'ম্যায় প্রেম ভরে, প্রীত ভরে শুনাউ' আর 'প্রীত শিখানে আয়া'। নজরুলের গান নিয়ে প্রকাশিত তাঁর প্রথম রেকর্ড বের হয় ১৯৪৯ সালে। ১৯৭২ সালে কলকাতায় বঙ্গ-সংস্কৃতি-সম্মেলন-মঞ্চে কমল দাশগুপ্তের ছাত্রী ও সহধর্মিণী হিসেবে তিনি ছিলেন মূখ্যশিল্পী। উভয়ের দ্বৈতসঙ্গীত সকল শ্রোতা-দর্শককে ব্যাপকভাবে বিমোহিত করেছিল। ফিরোজা বেগম ২০১১ সালে পেয়েছেন মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার। ১২ই এপ্রিল, ২০১২ বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীতশিল্পী ফিরোজা বেগম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছ থেকে "বঙ্গ সম্মান" পুরস্কারটি গ্রহণ করেন। পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত এই পুরস্কার আরো পেয়েছেন ভারতের বিশিষ্ট শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়, পন্ডিত অজয় চক্রবর্তী, স্বগতালক্ষ্ণী দাশগুপ্ত ও নচিকেতা। নেতাজী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেককে একটি ক্রেস্ট ও এক লাখ রুপি পুরস্কার হিসাবে প্রদান করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শ্রীকান্ত আচার্য, পন্ডিত অজয় চক্রবর্তী, স্বগতালক্ষ্ণী দাশগুপ্ত ও নচিকেতা। ০৯.০৯.২০১৪