ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১০:৪৮:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তরা সহায়তা পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

২০২১ সালের শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পূজামণ্ডপ, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে উগ্র সাম্প্রদায়িক অশুভ গোষ্ঠীর হামলায় নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজার জেলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পূজামণ্ডপ, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া জানান, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত মোট ৩১টি মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানের অনুকূলে মোট ৪৪ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক অতিদ্রুত হস্তান্তর করা হবে।

গত বছরের ১৩ অক্টোবর কোরআন অবমাননার অভিযোগ এনে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় কালীমন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। এইসব উগ্রবাদী হামলায় ক্ষতিগ্রস্তদেরকে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।