ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ২:৫৮:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

১৫ ঘণ্টা পর জেলের জালে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৩ মার্চ ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নিখোঁজের ১৫ ঘণ্টা পর স্থানীয় জেলেদের জালে পাওয়া গেছে নিখোঁজ শিশু আবিরের (৭) মরদেহ। রোববার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামের একটি পুকুর থেকে  মরদেহটি উদ্ধার করা হয়। 

আবির আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামের মো. সুজন মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবির শনিবার বিকেলে স্থানীয় শিশুদের সঙ্গে বাড়ির পাশে মাঠে খেলা করছিল। সন্ধ্যায়  ফিরে না আসায় বাবা-মাসহ পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে রাত ১০টার দিকে কামালদিয়ার নুরের বড় পুকুরের চালায় জামাকাপড় পড়ে থাকতে দেখা যায়। সন্দেহ হলে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। পরে রোকবার সকাল ৮টার দিকে জেলেরা পুকুরে জাল টানার সময় মরদেহ ওঠে আসে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশে এত উন্নয়ন হয়েছে। কিন্তু পুকুর থেকে একটি শিশুর মরদেহ সরকারের কোনো দপ্তর উদ্ধার করতে পারল না। ফায়ার সার্ভিসের লোকজন এসে চলে গেল। ১৫ ঘণ্টা পর স্থানীয় জেলেরা শিশুটির মরদেহ উদ্ধার করল।

আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার শেখ বলেন, জেলে ও স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে আবির নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে শুনেছি। আমি ঢাকায় ছিলাম। মাত্র এসেছি। আমি দ্রুত সেখানে যাচ্ছি।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রহমান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে শনিবার রাত ১০টায় আমাদের টিম সেখানে যাই। পরে ১০টা ৩৮ মিনিটে ফিরে আসি। আমাদের ডুবুরি না থাকায় উদ্ধার তৎপরতা চালাতে পারিনি। সকালে ডুবুরি আসার আগেই মরদেহ পাওয়া গেছে বলে জানতে পারি।