ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ৬:৫৮:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৯০ শিশু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২১ এএম, ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইউক্রেনে চলমান রুশ বাহিনীর সামরিক অভিযানে এখন পর্যন্ত দেশটির ৯০ শিশু নিহত হয়েছে বলে জানানো হয়েছে।ইউক্রেনের জেনারেল প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রুশ বাহিনীর হামলায় এখন পর্যন্ত ইউক্রেনে প্রাণ হারিয়েছে ৯০ জন শিশু, এছাড়াও আহত হয়েছে আরও শতাধিক শিশু।

বিবৃতিতে আরও জানিয়েছে, রুশ হামলায় সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে কিয়েভ, খারকিভ, চেরনিহিভ, সুমি, দনেৎস্ক, ঝিতোমির, খেরসন এবং মিকোলাভিভ অঞ্চলে।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া দাবি করে আসছিলো, তারা বেসামরিক মানুষকে লক্ষ্য করে কোনো হামলা চালাচ্ছে না। কিন্তু ইউক্রেনে এখন পর্যন্ত বহু বেসামরিক মানুষের প্রাণহানি এবং আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

এদিকে রুশ আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর মারিওপোল। এখন পর্যন্ত শহরটিতে ২ হাজার ১৮৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানানো হয়েছে মারিওপোল সিটি কাউন্সিলের পক্ষ থেকে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) জানিয়েছেন, রুশ বাহিনীর সামরিক অভিযানের পর থেকে এখন পর্যন্ত ২৬ লাখ ৯৮ হাজার ২৮০ জন ইউক্রেনীয় নিজেদের ঘরবাড়ি ছেড়ে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশগুলোতে।

জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনে যুদ্ধের কারণে প্রায় ৪০ লাখ মানুষ ঘর ছাড়া হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ইউএনএইচসিআরের মতে আরও বাড়তে পারে ঘরছাড়া মানুষের সংখ্যা।