জাপানে বৃদ্ধনিবাসে অগ্নিকান্ডে ৩ নারীসহ ১১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:১৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:২৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
জাপানের উত্তরে একটি বৃদ্ধনিবাসে অগ্নিকান্ডে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও আটজন পুরুষ। আর্থিক সংকটের মুখে পড়ায় তারা সেখানে আশ্রয় নিয়েছিলেন। বৃহস্পতিবার স্থানীয় পুলিশ একথা জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা গেছে, তিনতলা এ ভবনে আগুন ছড়িয়ে পড়ছে। তুষারপাতের মধ্যেই দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাতে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বৃদ্ধনিবাসে আগুন লাগার সময় সেখানে ১৬ জন ছিলেন। স্থানীয় একটি সংগঠন পরিচালিত এ বৃদ্ধানিবাস হোক্কাইডোর সাপোরো এলাকায় অবস্থিত।
পুলিশ মুখপাত্র এএফপি’কে বলেন, এ সময় অপর পাঁচ বাসিন্দা বেরিয়ে আসতে সমর্থ হয়েছেন। তবে তারা সামান্য দগ্ধ হন। তিনি আরো জানান, কর্তৃপক্ষ মৃত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা করছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, রাতের বেলা বৃদ্ধনিবাসে সাধারণত কর্মীরা থাকে না। ভবনটি ৫০ বছর আগে নির্মিত। এটি একটি সরাইখানা ছিল। পরবর্তীতে একে একটি জনকল্যাণমুখী আবাসস্থলে পরিণত করা হয়।
