লুসি হল্টকে ১৫ বছরের ভিসা প্রদান
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৪৩ এএম, ২ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:৪৭ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার
অবশেষে ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টের ভিসা ফি মওকুফ করা হয়েছে। একই সঙ্গে ১৫ বছরের জন্য তাকে এম ক্যাটাগরিতে মাল্টিপল ভিসা দেওয়া হয়েছে। বাংলাদেশকে ভালোবেসে দীর্ঘ ৫৭ বছর ধরে এ দেশে অবস্থান করে কাজ করে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনিরা হক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়।
লুসি হল্টের ভিসা মওকুফের বিষয়টি নিশ্চিত করে বরিশালের জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, লুসি হল্টের জন্য ১৫ বছরের ভিসা ফি মওকুফ করা হয়েছে এবং তিনি ১৫ বছরের জন্য অগ্রিম ভিসা পেয়েছেন। এটি অনেক আনন্দের বিষয়।
এছাড়াও লুসি হল্টের নাগরিকত্বের জন্য যে আবেদন করা হয়েছে সেটিও দ্রুত সমাধান হবে বলে আশা করছন তিনি।
লুসি ১৯৬০ সালে অক্সফোর্ড মিশনের একজন কর্মী হিসেবে ব্রিটিশ নাগরিক লুসি হল্ট বাংলাদেশে এসেছিলেন। শুরু থেকেই মানুষের সেবায় কাজ করে আসছেন তিনি। মুক্তিযুদ্ধের সময় নিজের জীবন ঝুঁকি নিয়ে যুদ্ধাহতদের সেবা করেছেন। দেশ স্বাধীনের পরও তিনি বাংলাদেশ ছেড়ে যাননি। ভালবেসেছেন এদেশের মানুষকে। লুসির ইচ্ছা, মৃত্যুর পর যেন তাকে বরিশালের মাটিতেই সমাধিস্থ করা হয়।
জানা যায়, প্রতিবছর ভিসা নবায়ন ফি দিতে সমস্যা হচ্ছিল তার। তাই ভিসা নবায়ন ফি মওকুফসহ বাংলাদেশি নাগরিকত্বের জন্য দাবি জানিয়েছিলেন লুসি হল্ট।
কর্মজীবন থেকে ২০০৪ সালে অবসর নিয়েছেন লুসি। তবে এখনও তিনি অসহায় শিশুদের মানসিক বিকাশ ও ইংরেজি ভাষা শিক্ষা দেওয়ার পাশাপাশি শিশুদের জন্য তহবিল সংগ্রহের কাজ পরিচালনা করে যাচ্ছেন।
