৪০০ মানুষ আশ্রয় নেয়া স্কুল গুঁড়িয়ে দিয়েছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:০৯ পিএম, ২১ মার্চ ২০২২ সোমবার
প্রতীকী ছবি
ইউক্রেনের মারিওপোল শহরের একটি স্কুলে হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরীর ওই স্কুলে ৪০০ সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিল। শনিবারের হামলায় স্কুলটি গুঁডিয়ে যায়। রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
টেলিগ্রামে দেওয়া হালনাগাদ তথ্যে মারিওপোল শহর কাউন্সিল জানায়, শহরের একটি স্কুলে হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। ৪০০ সাধারণ মানুষ সেখানে আশ্রয় নিয়েছিলেন।
কর্মকর্তারা বলছেন, রুশ সেনাদের হামলায় স্কুল ভবন বিধ্বস্ত হয়েছে এবং সেখানে আশ্রয় নেওয়া মানুষজন ধ্বংসস্তপের নিচে আটকা পড়েছে। রাশিয়ার জোরদার হামলার মুখে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন।
অবশ্য হামলার পর তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি। এ ছাড়া মারিওপোলের সঙ্গে যোগাযোগ এখন খুবই কঠিন হওয়ায় স্কুলে রাশিয়ার হামলার দাবিটি বিবিসি তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি বলেও উল্লেখ করা হয়েছে।
পৃথক এক প্রতিবেদনে বিবিসি জানায়, রাশিয়ার সামরিক বাহিনীর তীব্র এ হামলা ও পাল্টা হামলার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর মারিওপোলের রাস্তায় লড়াই চলছে। এই পরিস্থিতিতে মারিওপোল শহরের রাস্তায় রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মরদেহ। এ ছাড়া বহু বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে আগুনে।
