শিশু পরিবারকে সহযোগিতা করার দায়িত্ব সকলের : মেনন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:১৭ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০৮:১১ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার
সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সরকারিভাবে পরিচালিত ‘শিশু পরিবারের’ সদস্যদের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। শিশু পরিবারকে সহযোগিতা করার দায়িত্ব সকলের।
আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবারের ৬ জন নিবাসীর বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
‘সমাজসেবা সাংবিধানিক দায়িত্ব, এটা অবহেলা করার সুযোগ নেই’- এ কথা উল্লেখ করে তিনি বলেন, সামাজিক কর্মকান্ড পরিচালনার দায়িত্ব শুধুমাত্র সরকারের একার নয়। দেশকে এগিয়ে নিতে এই কর্মকান্ড পরিচালনায় সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণ জরুরী।
মন্ত্রী বলেন, সরকারি পরিবারে যারা বেড়ে উঠছে তারা পিতৃমাতৃহীন। তাদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে তাদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে।
তেজগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা)’র উপ-তত্ত্বাবধায়ক ঝর্না জাহিন বলেন, এখানে দায়িত্ব গ্রহণের পর থেকে এই নিবাস থেকে এ পর্যন্ত ১৮ জনকে বিয়ে দেয়ার ব্যবস্থা করেছি। এদের জীবনের সফলতার গল্প আছে। এইসব মেয়েদের অনেকে প্রবাসে থাকে। মাঝে মাঝে দেশে আসে। এখনও ওরা যোগাযোগ রাখে।
তিনি বলেন, আন্তরিকতা থাকলে সবার সহযোগিতা পাওয়া যায় বলে বিশ্বাস করি। সমাজের সকলে এগিয়ে আসলে যে কোন কাজ অসাধ্য নয়।অন্য নিবাসের মতো এখানকার মেয়েরাও নানা কারিগরী ও খেলাধূলায় দক্ষ।তাদেরকে এগিয়ে নিতে সবার সহযোগিতার প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মুহাম্মদ নুরুল কবীর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামানিক, অতিরিক্ত সচিব আলী নূর, জেলা প্রশাসক সালাহ্উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী নব বর ও কনেকে নগদ অর্থ প্রদান করেন।
