ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ৪:৩৭:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানীতে পিটির সময় ঢলে পড়ল স্কুলছাত্রী, এরপর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ২৭ মার্চ ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর হলিক্রস কলেজে পিটি করা অবস্থায় প্রতিষ্ঠানটির নবম শ্রেণির শেরন সুসান্না মল্লিক নামে এক ছাত্রী অচেতন হয়ে পড়ে। এরপর তাকে সেন্ট জন ভিয়ানি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া ওই শিক্ষার্থী গত চার বছর ধরে মাল্টিপল সিরোসিস নামে এক ধরনের রোগে আক্রান্ত ছিল বলে জানা গেছে। ওই শিক্ষার্থী এ রোগেই মারা গেছে বলে তার বাবা-মা পুলিশকে জানিয়েছে। 

রোববার দুপুরে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, সকালে স্কুলে গিয়ে পিটির জন্য অ্যাসেম্বলিতে দাঁড়ায় ওই ছাত্রী। কিছুক্ষণ পরই সে অচেতন হয়ে মাটিতে ঢলে পড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্কুলের পাশে অবস্থিত সেন্ট জন ভিয়ানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় তার মা-বাবা ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।

তিনি বলেন, মারা যাওয়া শিক্ষার্থীর মা-বাবার সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সে গত চার বছর ধরে মাল্টিপল সিরোসিসে আক্রান্ত ছিল। প্রতিদিন স্কুলে আসার সময় সে এ রোগের চিকিৎসা সামগ্রী সঙ্গে নিয়ে আসতো। এছাড়া তার মা-বাবা প্রতিদিন তাকে নিয়ে আসতো। তারা আমাদের বলেছেন, সে এ রোগে আক্রান্ত হয়েই মারা গেছে।

এ বিষয়ে পুলিশ কি কোনো আইনি পদক্ষেপ নেবে কি না- জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, আমরা হাসপাতালে গিয়েছিলাম। কিন্তু শিক্ষার্থীর মা-বাবা এ বিষয়ে কোনো আইনি সহায়তা চাননি। পরে হাসপাতাল থেকে তারা সন্তানের মরদেহ বাসায় নিয়ে গেছেন।