দ.কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে উ.কোরিয়ার প্রতিনিধিদলের সাক্ষাত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:৩১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ০৬:১৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার
উত্তর কোরিয়ার চার সদস্যের একটি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে সাক্ষাত করেছেন। এ দলে দেশটির শীর্ষ নেতা কিম জং উনের ছোট বোন কিম ইয়ো জং রয়েছেন।
শনিবার সিউলে প্রেসিডেন্টের বাসভবন ব্লু হাউজে তারা তার সঙ্গে সাক্ষাত করেন। স্থানীয় একটি টেলিভিশনে তাদের এ সাক্ষাতের দৃশ্য দেখানো হয়। খবর সিনহুয়ার।
উত্তর কোরিয়ার উচ্চ পর্যায়ের এ প্রতিনিধি দলে দেশটির শীর্ষ নেতা কিম জং উনের ছোট বোন কিম ইয়ো জং অন্তর্ভূক্ত থাকায় এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত। দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় পিয়ংচং কাউন্টিতে অনুষ্ঠিত ২৩তম শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার এ প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ায় পৌঁছায়।
উত্তর কোরিয়ার এ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রেসিডিয়াম অব সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রেসিডেন্ট কিম ইয়ং নাম। তিনি কিম জং উনের ছোট বোনের সঙ্গে এ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। কিম ইয়ো জং ক্ষমতাসিন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া’র কেন্দ্রীয় কমিটির প্রথম ভাইস পরিচালক।
