ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৫:৫৪:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আসমা জাহাঙ্গীর আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:১৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০৮:৩৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

পাকিস্তানের বিশিষ্ট মানবাধিকার কর্মী ও বিশিষ্ট আইনজীবী আসমা জাহাঙ্গীর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। জিও নিউজ এই খবর জানিয়েছে।

 

আসমা জাহাঙ্গীরের মুখপাত্র জানান, রোববার লাহোরের ফিরোজপুর সড়কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানেই তিনি মারা যান।

 

৬৬ বছর বয়সী এই মানবাধিকারকর্মী দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। বেশ কয়েক বছর ধরেই চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ করেই বেশি অসুস্থ বোধ করার পর শনিবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। এক পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন।


নিজেদের জীবনকে হুমকির মধ্যে ঠেলে দিয়ে একাত্তরে নির্যাতিত বাঙালির পক্ষে যেসব পাকিস্তানি দাঁড়িয়েছিলেন, তাদের অন্যতম ছিলেন আসমার বাবা মালিক গোলাম জিলানী।


১৯৭১ সালে তিনি ছিলেন পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগের সহ-সভাপতি। ২৫ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেফতারের পর তার মুক্তি দাবিতে জেনারেল ইয়াহিয়াকে খোলা চিঠি লেখেন তিনি। এজন্য কারাবরণ করতে হয় তাকে।

 

আসমা জাহাঙ্গীরের বাবা মালিক গুলাম জিলানি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এজন্য বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ জানায়। মেয়ে আসমা ঢাকায় এসে বাবার পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ সম্মাননা গ্রহণ করেন। এ ছাড়া বিভিন্ন সময় ঢাকার সঙ্গে যোগাযোগ ছিল তাঁর।

 

পাকিস্তান মানবাধিকার কমিশন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রধান ছিলেন আসমা জাহাঙ্গীর। তিনি একজন লেখক ও গণতন্ত্রকামী সক্রিয় কর্মী ছিলেন। তার সমাজসেবা ও রাজনৈতিক কাজের জন্য বেশ কয়েকটি সম্মাননা পেয়েছেন।

 

এ ছাড়া আসমা জাহাঙ্গীর আইনসেবা প্রতিষ্ঠান এজিএইচএসের আইন উপদেষ্টা ও আইন শাখার প্রধানের দায়িত্বে ছিলেন। তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক স্পেশাল র‍্যাপোর্টার হিসেবেও দায়িত্ব পালন করতেন। তাঁর মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারকসহ সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদরা শোক বার্তা জানিয়েছেন।

 

সমাজের নির্যাতিত ও বিচারবঞ্চিতদের পক্ষে কাজ করে আসমা জাহাঙ্গীর পরিচিত। পাকিস্তানের সেনাশাসক জেনারেল জিয়াউল হকের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করেন তিনি।

 

১৯৫২ সালের ২৭ জানুয়ারি লাহোরে জন্ম গ্রহণ করেন আসমা। তিনি আইন ও মানবিক বিষয়ে লাহোরে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এরপর আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন সুইজারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে।

 

লাহোরের কায়েদে আজম আইন কলেজে শিক্ষকতা করতেন আসমা জাহাঙ্গীর। এ ছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের পক্ষে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্বব্যাংকে পরামর্শকের কাজ করেন তিনি।