ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১২:১২:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশের নাগরিকত্ব পেলেন লুসি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:৫২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০৪:৫০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

বাংলাদেশের নাগরিকত্ব পেলেন বৃটিশ নাগরিক লুসি হল্ট। প্রধানমন্ত্রীর আশ্বাসের এক সপ্তাহের মধ্যে অবশেষে আজ সোমবার মিললো তার দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতি।

 

সোমবার আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয়ের সভায় লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে নাগরিকত্ব দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। খুব শিগগিরই এ ব্যাপারে সরকারি আদেশ জারি করা হবে।

 

ভিনদেশি লুসি হল্ট বাংলাদেশে ১৫ বছরের মাল্টিপল ভিসা পেলেও এতদিন পাননি দ্বৈত নাগরিকত্ব।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ ফেব্রুয়ারি বরিশাল সফরের সময় আশ্বাস দেন তার দ্বৈত নাগরিকত্বের।

 


১৯৬০ সালে স্বজনদের সাথে বাংলা দেশে আসেন লুসি হল্ট। কিন্তু স্বজনরা বৃটেনে চলে গেলেও এদেশের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানেই থেকে যান লুসি। মাঝে মধ্যে স্বজনদের সাথে দেখা করতে জন্মভুমি ইংল্যান্ডে গেলেও কিছুদিন থেকে আবার ফিরে আসেন। বাংলাদেশে এসে প্রথমে তিনি বরিশালের অক্সফোর্ড মিশনের হোস্টেলে উঠেন।

 

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় যশোরের ফাতেমা হাসপাতালে চিকিৎসা সেবায় অংশ নিয়ে অনেক আহত মুক্তিযোদ্ধাকে সুস্থ করে তুলেন তিনি। জীবনের জৌলুস, আরাম-আয়েশ ও আধুনিকতাকে বিসর্জন দিয়ে লুসি হল্ট বর্তমানে বরিশাল মহানগরীর অক্সফোর্ড মিশনের ছোট্ট একটি ঘরে বসবাস করছেন। জীবনের বাকি সময়টাও এখানেই কাটিয়ে দিতে চান তিনি।

 


১৯৩০ সালের ডিসেম্বরে জন্ম নেয়া লুসি হল্টের বয়স এখন ৮৭ বছর। বাংলাদেশকে ভালবেসে মৃত্যুর পর এদেশের মাটিতেই সমাধি পেতে চান তিনি। ভিনদেশি লুসি হল্ট সুন্দর বাংলা জানেন, মধুর কণ্ঠে গাইতে পারেন রবীন্দ্র সংগীত ও দেশাত্ববোধক গান। বাংলার মাটিতেই শেষ সমাধি চান লুসি।