অক্সফামের উপনির্বাহীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:২২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
যৌন কেলেঙ্কারির খবরের জের ধরে পদত্যাগ করেছেন দাতব্য ব্রিটিশ সংস্থা অক্সফামের উপ-নির্বাহী পেনি লরেন্স। সোমবার এক বিবৃতিতে তিনি এই পদত্যাগের বিষয়ে জানান। ঘটনার প্রায় ৭ বছর পর পদত্যাগ করলেন তিনি।
কর্মীদের যৌন কেলেঙ্কারির ঘটনায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন পেনি লরেন্স। এ সময় দুঃখ প্রকাশ করে পেনি লরেন্স বলেন, তিনি এ ঘটনায় অত্যন্ত লজ্জ্বিত এবং এর পূর্ণ দায় নিচ্ছেন।
এদিকে অক্সফামের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির ঘটনা চেপে যাওয়ার অভিযোগ উঠেছে। ২০১১ সালে হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্তদের সহায়তায় গিয়ে অক্সফাম কর্মীরা রাজধানী পোর্ট অব প্রিন্সের নিকটবর্তী ডেলমাসে তাদের গেস্ট হাউসে সেক্স পার্টির আয়োজন করে। ওই পার্টির জন্য তারা কম বয়সী যৌনকর্মীদের দাওয়াত দেয়। ওই গেস্ট হাউসে আসা কয়েকজন যৌনকর্মী অক্সফামের টি-শার্ট পরেছিল।
পরবর্তীতে ভবনে পতিতা নেওয়ার কথা স্বীকার করার পর সংস্থাটির কান্ট্রি ডিরেক্টরের পদ ছাড়তে বাধ্য হন রোনাল্ড ভন হওয়ারমেরিন। পরবর্তীতে কর্মীদের বিরুদ্ধে যৌনকর্মী ভাড়া করা, পর্নোগ্রাফি ডাউনলোড, নিপীড়ন ও ভয় দেখিয়ে ইচ্ছেমতো কাজ করতে বাধ্য করার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত করে অক্সফাম।
পরে ভন হওয়ারমেরিনসহ সাতজন সংস্থাটির চাকরি হারান। ব্রিটিশ দৈনিক টাইমস বলছে, অক্সফাম হাইতিতে তাদের কর্মীদের ওই কেলেঙ্কারি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এই সুযোগে ভন হওয়ারমেরিন ২০১২-১৪ মেয়াদে অ্যাকশন এগেইনস্ট হাঙ্গারের বাংলাদেশ মিশনের প্রধান হয়ে আসেন।
পেনি লরেন্স সোমবার এক বিবৃতিতে বলেছেন, ওই সময়ের প্রকল্প পরিচালক হিসেবে আমি লজ্জিত। কারণ আমার নজরদারির ভেতরেই ওই ঘটনা ঘটে। আমি এর সম্পূর্ণ দায় নিচ্ছি। এবং এ কারণেই আমি পদত্যাগ করছি।
