খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:২৪ পিএম, ২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার সুমিলপাড়া রেললাইন সংলগ্ন একটি পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, ভোলার চরফ্যাশন এলাকার জয়নালের মেয়ে ঝুমুর (৬) ও বরগুনার আমতলী এলাকার রুবেল গাজীর ছেলে আব্দুল্লাহ (৭)। তারা উভয়ই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকার মঞ্জুরের বাড়ির ভাড়াটিয়া।
জানা গেছে, আজ মঙ্গলবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ঝুমুর ও আব্দুল্লাহ। তাদের ধমকে বাসায় পাঠালে আবারও তারা পুকুরে গোসল করতে আসে। পরে দুপুর ১টার দিকে দুই শিশুকে পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
