ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৮:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আটদিন যন্ত্রণায় ছটফট করে মারা গেলেন সাদিয়া

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৮ এএম, ৩০ এপ্রিল ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার দেবীদ্বারে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়া সাদিয়া বেগম (৩০) আইসিইউতে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে ৮ দিন পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শনিবার ভোরে রাজধানী'র শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সাদিয়ার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচা আলমগীর হোসেন আলম।

নিহত সাদিয়া বেগম দেবীদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নের গুনাইঘর গ্রামের নুরুল ইসলাম সরকারের ছেলে আসাদ সরকারের স্ত্রী ও একই উপজেলার পদ্মকোট গ্রামের ফরিদুল আলম অপু সরকারের মেয়ে।

গত শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টায় সাদিয়ার স্বামী আসাদ সরকার ঝগড়ার এক পর্যায়ে সাদিয়ার শরীরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন। পরে সাদিয়ার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে সাদিয়ার অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। অবশেষে ৮ দিন আইসিইউতে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে শনিবার রাতে না ফেরার দেশে চলে গেলেন সাদিয়া।

লাইফ সাপোর্টে থাকাকালে অগ্নিদগ্ধ সাদিয়া ভিডিও বার্তায় বলেন, ‘আমার স্বামী আমাকে এর আগেও কয়েকবার বলেছে যে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করবে। গত পাঁচ মাস ধরে যৌতুকের জন্য আমাকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। টাকা না দেয়ায় আমার শরীরে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয় আমার স্বামী।’

পারিবারিক সৃত্রে জানা যায়, গত তিন মাস আগে সাদিয়ার গর্ভে এক কন্যা সন্তান জন্ম নিলে ডেলিভারি করার পর নবজাতক শিশুটি মারা যায়।

সাদিয়ার মা শামসুন নাহার বলেন, গত কয়েক মাস ধরে সাদিয়াকে যৌতুকের জন্য চাপ দিতো তার স্বামী। বিভিন্ন সময় শারিরিক নির্যাতনও করতো। মেয়ে আমার কাছে প্রায় সময় কান্না করে জানাতো। গত শনিবার হঠাৎ করে কথা কাটাকাটির এক পর্যায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় ঘাতক আসাদ। পরে ঘটনাটি আড়াল করতে লোকসমাজের কাছে বলে আসছিলো রান্না করার সময় সাদিয়ার গায়ের ওড়নায় আগুন লাগে।

এদিকে ঘাতক স্বামী আসাদ সরকারকে অভিযুক্ত করে সাদিয়ার বাবা ফরিদুল আলম (অপু) থানায় মামলা করলে গত বুধবার রাতে আসাদ সরকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।