প্রধানমন্ত্রীর সঙ্গে খেলায় মাতলো সাকিবকন্যা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৫৭ পিএম, ২ মার্চ ২০১৮ শুক্রবার | আপডেট: ০১:২৮ পিএম, ৩ মার্চ ২০১৮ শনিবার
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়ে আলায়নার সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলায়নার সঙ্গে খেলায় মেতে ওঠেন তিনি। প্রধানমন্ত্রীকে খেলার সঙ্গী হিসেবে পেয়ে আলায়নাও ছিল বেশ খুশি।
শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে দেখা করে সাকিব পরিবার। এসময় সাকিবের মেয়েকে কোলে নিয়ে গল্প করেন প্রধানমন্ত্রী। ওকে এটা-ওটা ঘুরিয়ে দেখান প্রধানমন্ত্রী। অ্যাকুরিয়ামে থাকা মাছ দেখান আলায়নাকে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব কন্যার কাটানো মুহূর্তগুলোর স্থিরচিত্র ও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশির। মুহূর্তে ছবি ও ভিডিও ভাইরাল হতে শুরু করে। প্রধানমন্ত্রী প্রশংসায় ভরে উঠে পোস্টের কমেন্ট বক্স।
সাকিব উম্মে আল হাসান শিশির লিখেছেন, ‘আলায়না আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দারুণ কিছু সময় কাটালো। আসলেই অসাধারণ মাতৃসুলভ এবং যত্নশীল ব্যক্তিত্বের অধিকারী তিনি।’
এক পর্যায়ে নানা রঙের বলভর্তি টাবে আলায়নার সঙ্গে খেলায় মেতে ওঠেন শেখ হাসিনা। টাব থেকে একটি করে বল তুলে তার রঙ জানতে চান প্রধানমন্ত্রী। প্রতিটির ঠিক ঠিক জবাব দেয় আলায়না।
