ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৯:০১:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অফিসে ৩০ মিনিটের ঘুম বাধ্যতামূলক, টাকাও পাবেন কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৮ এএম, ৬ মে ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার প্রভাব প্রায় শেষ। ফের পুরোদমে চালু হয়েছে অফিস, স্কুল, শপিংমল, সিনেমাহল সব কিছুই। স্বাভাবিক ছন্দে ফিরছে মানুষ। দীর্ঘ 'ওয়ার্ক ফ্রম হোম' কাটিয়ে অফিস শুরু করেছেন অনেকেই। টানা দুই বছর বাড়িতে থেকে কাজ করার ফলে বদলে গেছে অনেক কিছুই। ক্লান্তি ভাবও বেড়েছে। এই অবস্থায় অফিসে যদি কাজের ফাঁকে একটু ঘুমিয়ে নেওয়া যেত তাহলে মন্দ হত না! কিন্তু এমন সুযোগ দেবে কে?

অফিসে কাজের জন্য স্যালারি দেওয়া হয়। ঘুমের জন্য নয়। তবে জানেন কি অফিসে ঘুমের জন্য সময় দেওয়া হচ্ছে, দেওয়া হবে বেতনও। 

এমনটাই জানাল ব্যাঙ্গালুরুর এক বেসরকারি কোম্পানি। ব্যাঙ্গালুরুর এই অফিসে আধ ঘণ্টার ঘুম বাধ্যতামূলক করা হয়েছে সব কর্মীদের জন্য। এ বিষয়ে প্রত্যেক কর্মীকে ই-মেইলের মাধ্যমে নোটিশ জারি করা হয়েছে। সবাইকে আধ ঘণ্টা অফিসে ঘুমাতেই হবে। সেই ঘুমানোর জন্য টাকাও পাবেন কর্মীরা।

'ওয়েকফিট'-এর কো ফাউন্ডার চৈতন্য রামালিঙ্গেগোয়া অফিসিয়ালি ই-মেইলের মাধ্যমে এই নোটিশ জারি করেছেন তার অফিসে। তিনি ই-মেইলে লেখেন, 'আমরা দীর্ঘ ছয় বছর ধরে মানুষের ঘুমের সামগ্রী বিক্রি করে ব্যবসা করছি। অথচ নিজেরাই ঘুমের সঙ্গে সঠিক বিচার করতে পারছি না। সবার একটু রেস্ট দরকার। সেই কথা ভেবেই আফটারনুন ন্যাপ চালু করার কথা অনেকদিন ধরেই চলছিল। এবার বিষয়টাকে সিরিয়াসলি নিতে হবে। আজ থেকেই কম করে ৩০ মিনিটের ঘুম বা ন্যাপ নিতে হবে সবাইকে। কাজের মধ্যে একটু ঘুম দরকার। এতে শরীর মন ভালো থাকবে। কাজ ভালো হবে।'

বালিশ, মেট্রেস, এই ধরনের জিনিসই পাওয়া যায় ওয়েকফিটে। সবকিছু তৈরি হয় ভালো ঘুমের কথা মাথায় রেখে। এবার তারা নিজেদের অফিসেই চালু করল এই নিয়ম। এই খবর শেয়ার হতেই প্রশংসা শুরু করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'আমিও ঠিক এটাই চাইছিলাম। ওয়েকফিট আমার মনের কথা জেনে গেছে।' কেউ বলেছেন, 'এমনটা সব অফিসেই করা উচিত।'

সূত্র : ইকনোমিক টাইমস, টাইমস নাউ, নিউজ১৮