ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১০:৪৪:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রোহিঙ্গাদের স্বদেশে পাঠাতে কাজ করবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:২৮ পিএম, ৩ মার্চ ২০১৮ শনিবার | আপডেট: ১২:৫৭ পিএম, ৪ মার্চ ২০১৮ রবিবার

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান উপদেষ্টা লিসা কার্টিস বলেছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলার এবং তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে।


তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। এ ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করা হবে। রোহিঙ্গারা যাতে নিরাপদে ও সম্মানের সঙ্গে মিয়ানমারে ফিরে যেতে পারে সে লক্ষ্যেও কাজ করবে মার্কিন সরকার।’


আজ শনিবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ট্রানজিট ক্যাম্পে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান উপদেষ্টা এ কথা বলেন।


এ সময় তিনি কফি আনান কমিশনের প্রস্তাব বাস্তবায়নের ওপরও জোর দেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রোহিঙ্গা সংকটে মানবিক সাড়া দেওয়ায় বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের উচ্ছ্বসিত প্রশংসা করেন লিসা কার্টিস।


রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় লিসা কার্টিসের সঙ্গে ছিলেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

তিনি সাংবাদিকদের বলেন, আমরা সীমান্তে রোহিঙ্গা পরিস্থিতির ওপরও নজর রাখছি। সম্প্রতি সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি এবং রোহিঙ্গাদের ঠেলে দেওয়ার সামগ্রিক বিষয়েই আমরা নজর রাখছি। আমরা আশ্বস্ত করতে চাই, রোহিঙ্গারা যাতে মিয়ানমারে ফেরত যেতে পারে সে জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে আমরা কাজ করছি।

তিনি আরো বলেন, রোহিঙ্গারা যাতে শুধু মিয়ানমারেই নয়, নিজেদের গ্রামগুলোতে ফিরতে পারে সে জন্যও আমরা দেশটির সরকারের সঙ্গে কাজ করবো। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার অঙ্গীকার বাস্তবায়নে মিয়ানমার সরকার কি করছে আমরা তাও জানতে চাইবো আমরা বলেন বার্নিকাট।


মার্কিন প্রতিনিধিদলটি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং, বালুখালী ও টেকনাফ উপজেলার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এই প্রথমবারের মত মার্কিন উচ্চপর্যায়ের কোনো নেতা রোহিঙ্গা শিবির পরিদর্শনে এলেন।