জাফর ইকবাল ছাত্রদের শান্ত থাকতে বলেছেন : ইয়াসমিন হক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৪ মার্চ ২০১৮ রবিবার | আপডেট: ১০:৫৪ পিএম, ৪ মার্চ ২০১৮ রবিবার
ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ভালো আছেন। তিনি তার ছাত্রদের শান্ত থাকতে বলেছেন। রেগে গিয়ে উচ্ছৃঙ্খলতা করতে নিষেধ করেছেন বলে জানিয়েছেন তার স্ত্রী ড. ইয়াসমিন হক।
রোববার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সিএমএইচে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা জানান।
ড. ইয়াসমিন বলেন, ড. জাফর ইকবাল আহত হওয়ায় পরই আমাকে ফোন দিয়েছেন। বলেছেন, তোমরা তো টিভিতে জানবা, তাই আমিই ফোন দিলাম। তুমি ওদের (ছাত্রদের) বলো যেন ছেলেটাকে (ছুরিকাঘাতকারী) মেরে না ফেলে। আর ছাত্রদের বলো যেন উচ্ছৃঙ্খলতা না করে। আমি ভালো আছি। যেন রেগে গিয়ে ছাত্ররা কিছু না করে।
শনিবার (৩ মার্চ) বিকেলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ফয়জুর রহমান নামে এক যুবকের ছুরিকাঘাতে আহত হন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবাল।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ড. জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় সিএমএইচে নিয়ে আসা হয় রাতেই।
সিএমএইচে ড. জাফর ইকবালের চিকিৎসার বিষয়ে ইয়াসমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের চিকিৎসকরাই তার সেবায় সর্বোচ্চ চেষ্টা করছেন। তাই তাকে বিদেশে পাঠানোর প্রয়োজন নেই। এখানে তিনি ভালো আছেন। আশা করি শিগগির তিনি ক্লাসে ফিরে যেতে পারবেন।
প্রধানমন্ত্রী নিজে ড. জাফর ইকবালের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, সবার প্রতি কৃতজ্ঞতা। সবার সহযোগিতা পেয়েছি। এখনই কাউকে দেখতে না আসার জন্য অনুরোধ করছি।
ড. ইয়াসমিন সবার কাছে জাফর ইকবালের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়ে বলেন, সবার উদ্দেশে বলতে চাই, জাফর ইকবাল মানসিকভাবে খুবই ভালো আছেন।
এছাড়া, এ ঘটনায় পুলিশ-প্রশাসন বা সরকার কাউকে দোষারোপ করার সুযোগ নেই বলেও জানান ড. ইয়াসমিন। তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে দায়িত্ব পালনকালে ঘটনার সময় একজন অফিসারও আহত হয়েছেন। এখানে আমি পুলিশ বা সরকার কাউকে ব্লেম দিচ্ছি না। দেওয়ার সুযোগ নেই।
