জাফর ইকবালকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:১৩ পিএম, ৫ মার্চ ২০১৮ সোমবার | আপডেট: ১০:৫৩ পিএম, ৫ মার্চ ২০১৮ সোমবার
অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুরে সিএমএইচে পৌঁছান তিনি। এসময় তিনি জাফর ইকবালের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংয়ের সঙ্গে বৈঠকের কারণে দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সিএমএইচে যাওয়ার কথা থাকলেও যেতে পারেননি। পরে দুপুর ১২টা ৫০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।
তিনি জাফর ইকবালের চিকিৎসার খোঁজ-খবর নেন ও তার পাশে সময় কাটান। এ সময় জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক ও মেয়ে ইয়েশিম ইকবাল সেখানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী প্রায় এক ঘণ্টা হাসপাতালে ছিলেন। অধ্যাপক জাফর ইকবালের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন তিনি। এ সময় তার সুস্থতার জন্য যা যা প্রয়োজন সব কিছু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
গত শনিবার গবেষক ও কথাসাহিত্যিক অধ্যাপক জাফর ইকবালের ওপর ছুরি দিয়ে হামলা চালায় ফয়জুল হাসান নামের এক তরুণ। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে
প্রথমে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচার করা হয়। এর পরে প্রধানমন্ত্রীর নির্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়।
