পাট দিবসের বানীতে প্রধানমন্ত্রী : পাটের গৌরব ফিরিয়ে আনতে হবে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:১০ পিএম, ৫ মার্চ ২০১৮ সোমবার | আপডেট: ০১:০৩ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, ‘আমাদের মাটি পাট চাষের উপযোগী। মাটির গুণাগুণ ধরে রাখতে ফসলচক্রে পাট সবচেয়ে উপযোগী ও লাভজনক ফসল। আমাদের শ্রম, মেধা, গবেষণালব্ধ ফলাফল, পাটের বহুমুখী পণ্যের সম্ভার ও তার বাজার সম্প্রসারণ এবং সরকারি-বেসরকারি সকলের সমন্বিত প্রচেষ্টা পাটের হৃত গৌরব ফিরিয়ে আনতে অবশ্যই সক্ষম হবে।’ আগামীকাল মঙ্গলবার জাতীয় পাট দিবস উপলক্ষে আজ সোমবার এক বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
দেশব্যাপী আগামীকাল মঙ্গলবার দ্বিতীয়বারের মতো `জাতীয় পাট দিবস` পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ উপলক্ষে আমি পাটচাষিসহ এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।’
তিনি বলেন, এক সময়ের প্রধান অর্থকরী ফসল পাট এখনো দেশের ৩য় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। বাঙালির স্বাধিকার আন্দোলন এবং অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস।
১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর পাটখাতকে ধ্বংস করা হয় উল্লেখ করে শেখ হাসিনা জানান, রাষ্ট্রায়ত্ত্ব পাটকলগুলোকে বিক্রি করে দেওয়া হয়। পাটের দাম না পেয়ে চাষিদের উৎপাদিত পাট পুড়িয়ে ফেলার মতো ঘটনাও ঘটেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ১৯৯৬ সালে সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে পাটখাতের উন্নয়নে মনোযোগী হই।’ ২০১৬ সালে পাটকে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ এবং এ সংক্রান্ত বিধিমালা ইতিমধ্যে দেশের পরিবেশ রক্ষায় ও জনস্বার্থ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। বর্তমানে ১৭টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহৃত হচ্ছে। পাট আইন, ২০১৭ প্রণয়ন করা হয়েছে। আমরা বন্ধ পাটকলগুলো চালু করেছি।’
তিনি বলেন, কৃত্রিম পলিথিনের পরিবর্তে আজ দেশে পাট থেকে পলিথিন সদৃশ পচনশীল ও পরিবেশবান্ধব সুন্দর `সোনালি ব্যাগ` তৈরি হয়েছে। একদিন এর সম্প্রসারণ পৃথিবী জুড়ে হবে বলে তিনি বিশ্বাস করেন।
শেখ হাসিনা `জাতীয় পাট দিবস ২০১৮`র সার্বিক সাফল্য কামনা করেন।
